সিটি স্ক্যান রিপোর্ট ভালো, ক্লোজ মনিটরিংয়ে মির্জা আব্বাস

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আজ সকালে তার সিটি স্ক্যান করা হলে রিপোর্ট সন্তোষজনক এসেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শনিবার (১৪ মার্চ) বিকেলে দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য জানান। 

ডা. রফিকুল ইসলাম বলেন, সকালে করা সিটি স্ক্যানের ফলাফল ভালো এসেছে এবং মেডিকেল বোর্ডের চিকিৎসকরা সার্বক্ষণিকভাবে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। 

বর্তমানে ক্লোজ মনিটরিংয়ে রাখা হয়েছে এই প্রবীণ রাজনীতিককে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী ৭২ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। 

এদিকে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হলেই আগামীকাল উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা।

এর আগে বুধবার ইফতারের সময় পানি পান করার পর মির্জা আব্বাস হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন। বাড়িতে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরও অবস্থার উন্নতি না হওয়ায় এবং শারীরিক জটিলতা দেখা দেওয়ায় গভীর রাতে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।