‘আওয়ামী লীগের ২০ নেতাকে ক্ষমা করে দিয়েছেন শেখ হাসিনা’

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ করা প্রায় ২০ জন নেতাকে ক্ষমা করে দিয়েছেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলটির কার্যনির্বাহী সংসদের সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

সভা শেষে গণভবনের মূল ফটকে দাঁড়িয়ে ওবায়দুল কাদের বলেন, পাবনায় গত পৌরসভা নির্বাচন উপলক্ষে অনেকেই বিদ্রোহ করেছিলেন, পৌর এবং সদর এলাকার নেতারা। তারা ক্ষমা চেয়ে একটা চিঠি পাঠিয়েছেন; প্রায় ২০ জন নেতা। তাদের ক্ষমা করে দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

কাদের বলেন, প্রধানমন্ত্রী জানিয়েছেন, যারা দলের ডিসিপ্লিনের (শৃঙ্খলা) বাইরে কাজ করেছেন, বিভিন্ন জায়গায় তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা নিতে হবে। ছাড় দেওয়া যাবে না।

বৈঠকে আলোচিত সাংগঠনিক বিভিন্ন বিষয় তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, যেখানে যেখানে সাংগঠনিক সমস্যা আছে এবং যেগুলো সমাধান করা দরকার, সেগুলোর ব্যাপারে নির্দেশনা দিয়েছেন দলীয় সভাপতি। কিছু কিছু ছোটখাটো কলহ-বিবাদ আছে, সেগুলোও মীমাংসা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: আওয়ামী লীগকে ক্ষমা করা যায় না: মির্জা ফখরুল

ওবায়দুল কাদের জানান, আজ নোয়াখালীর বিষয়ে কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, এ ব্যাপারে এখানে কোনো কথা হয়নি। সাংগঠনিক সম্পাদক স্বপন (আবু সাঈদ আল মাহমুদ স্বপন) আলাপ-আলোচনা করে একটা কাঠামো তৈরি করেছেন নোয়াখালীর কমিটি নিয়ে। এ ব্যাপারে নেত্রীও অবহিত আছেন।


একাত্তর/আরএ