ইরান-ইসরাইল যুদ্ধ শুরুতেই সরকারকে বড় সংকটে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকারের জন্য সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। এই যুদ্ধের প্রভাবে দেশের বহু উন্নয়ন পরিকল্পনা বাধাগ্রস্ত হচ্ছে।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য সংঘাতে সৃষ্ট সংকটের পেছনে সরকার বা বিরোধী দলের হাত নেই।
নজরুল ইসলাম খান জানান, আগামী পহেলা মে মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বড় ধরনের সমাবেশ করবে জাতীয়তাবাদী শ্রমিক দল। দুপুর আড়াইটায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কয়েক লাখ নেতাকর্মীর উপস্থিতিতে এই সমাবেশ সফল করার ঘোষণা দেন তিনি।
এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মে দিবসের সমাবেশকে সফল করতে জাতীয়তাবাদী শ্রমিক দল ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি আশা প্রকাশ করে বলেন, এই সমাবেশ একটি ঐতিহাসিক সমাবেশে পরিণত হবে।