জয়-পলকসহ সাবেক দুই মন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ সোমবার

গত জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় দেশে ইন্টারনেট বন্ধ করে গণহত্যা চালানোর অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে ষষ্ঠ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হবে।

সোমবার (১৮ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে এ মামলায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কর্মকর্তাসহ মোট পাঁচজন কর্মকর্তা আদালতে সাক্ষ্য দিয়েছেন। এই মামলায় আসামি সজীব ওয়াজেদ জয় বর্তমানে পলাতক রয়েছেন এবং জুনাইদ আহমেদ পলক গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

আদালত সূত্রে জানা গেছে, এদিন একই ট্রাইব্যুনালে শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধেও সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালে দেশজুড়ে কারফিউ জারি করে আন্দোলন দমনের চেষ্টা এবং হত্যার উসকানিসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে এই দুই আসামির বিরুদ্ধে।

এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তাইমকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে।

এই মামলায় মোট আসামির সংখ্যা ১১ জন। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৯ জন আসামি বর্তমানে পলাতক রয়েছেন। আর যাত্রাবাড়ী থানার সাবেক অফিসার ইনচার্জ আবুল হাসান এবং সাবেক উপপরিদর্শক (এসআই) মো. শাহদাত আলী গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন।