বিরোধী দলের ছোটরা কি মাদকাশক্ত, সন্দেহ আলালের

রাজনীতিতে ভিন্নমত বা সমালোচনাকে বিএনপি ইতিবাচকভাবে গ্রহণ করতে চায় উল্লেখ করে দলটির চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, মতপার্থক্য হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু একটি রাজনৈতিক দলের ছোট বন্ধুরা যেভাবে ক্রমাগত সমালোচনা করে যাচ্ছে, তাদের মুখের ও শরীরি ভাষা দেখে সন্দেহ হয় তারা মাদকাসক্ত কি না।

শনিবার (২৩ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবে ‘অপরাজেয় বাংলাদেশ’ নামের একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত ‘মাদকমুক্ত সমাজ গঠনে নাগরিক সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিরোধী রাজনৈতিক দলের কনিষ্ঠ নেতাকর্মীদের সমালোচনা করার ধরন নিয়ে প্রশ্ন তুলে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, রাজনীতির সঙ্গে যুক্ত নন, এমন ব্যক্তি—এমনকি প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়েও অত্যন্ত অশ্রাব্য ভাষায় সমালোচনা করা হচ্ছে।

আলোচনা সভায় রাজনৈতিক সদিচ্ছার অভাবকে মাদক সমস্যার অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেন বক্তারা। মোয়াজ্জেম হোসেন আলাল অভিযোগ করে বলেন, রাজনৈতিক অপশক্তির মদদ ও আশ্রয়ের কারণেই দেশে মাদক নির্মূল করা সম্ভব হচ্ছে না।

অনুষ্ঠানে উপস্থিত অন্য বক্তারাও দেশে মাদক পরিস্থিতির ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন, মাদকের বিস্তার সামাজিক অবক্ষয়কে ত্বরান্বিত করছে। বর্তমান সময়ে দেশে নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ার পেছনে মাদকাসক্তি সরাসরি ভূমিকা রাখছে বলেও তারা উল্লেখ করেন।