জুলাই সনদ বাস্তবায়নে সংসদের ভেতরে ও বাইরে কমিটি গঠনের উদ্যোগ

‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে দ্বিমুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে সংসদের বাইরে একটি ‘সংস্কার কমিটি’ এবং সংসদের ভেতরে একটি ‘সংবিধান সংশোধনী কমিটি’ গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে জাতীয় সংসদ ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে চিফ হুইপ নূরুল ইসলাম এই তথ্য জানান। সদ্য সমাপ্ত সংসদ অধিবেশন এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

চিফ হুইপ জানান, দেশের অর্থনৈতিক ভঙ্গুর পরিস্থিতির কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী এবার বাজেট-পরবর্তী ঐতিহ্যগত নৈশভোজ বাতিল করেছেন। 

সরকারের দায়িত্ব নেওয়ার সময়ের কথা উল্লেখ করে তিনি বলেন, হামে শিশু মৃত্যু এবং ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এই সরকারের যাত্রা শুরু হয়েছিল। মূলত এমন সংকটময় পরিস্থিতির কারণেই প্রধানমন্ত্রী ডিনার বাতিলের সিদ্ধান্ত নেন।

এ সময় এক ব্যতিক্রমী দাবি উত্থাপন করে নূরুল ইসলাম বলেন, বাংলাদেশ সম্ভবত পৃথিবীর একমাত্র দেশ, যার প্রধানমন্ত্রীর বর্তমানে কোনো সুনির্দিষ্ট সরকারি বাসভবন নেই।

গেরো মঙ্গলবার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস হওয়া প্রসঙ্গে চিফ হুইপ বলেন, এবারের বাজেটে সাধারণ মানুষের স্বস্তির কথা চিন্তা করে ৬৩টি প্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানো হয়েছে। পাশাপাশা অর্থ পাচার রোধে কড়া পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি জানান, বছরে ১৬ বিলিয়ন ডলার পাচার বন্ধে তারেক রহমান বিশেষ উদ্যোগ নিয়েছেন।

জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা তুলে ধরে সাংবাদিক সম্মেলনে চিফ হুইপ আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র অক্ষুণ্ণ রাখতে এবার বাজেট অধিবেশনে সরকার ও বিরোধী দল কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করেছে, যা দেশের সংসদীয় ইতিহাসে একটি ইতিবাচক দৃষ্টান্ত।