রাজপথে লং মার্চ বা মিছিল করে নয়, বরং সংসদে আলোচনার মাধ্যমে দেশের যেকোনো সমস্যার সমাধান করার আহবান জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেছেন, লং মার্চ করে যদি সব সমস্যার সমাধান করা সম্ভব হতো, তবে তা সবার আগে প্রধানমন্ত্রীই করতেন।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের এলডি হলে আসন্ন কপ সম্মেলন উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশ অ্যাট কপ ৩১ ফ্রম ন্যাশনাল প্রায়োরিটিজ টু গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারের সমালোচনা না করে দেশের স্বার্থে বৈশ্বিক সমস্যা সমাধানে সরকারের পাশে থাকার আহবান জানিয়ে চিফ হুইপ বলেন, মাত্র পাঁচ মাসের মধ্যেই দেশকে অস্থিতিশীল করতে কারা রাজপথে নেমেছে, তরুণদের সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে।
অনুষ্ঠানে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বিভিন্ন সঙ্কটের কথা তুলে ধরে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের জোরালো দাবির বিষয়টি পুনর্ব্যক্ত করেন তিনি।
