সঠিক পথে না এলে ফ্যাসিবাদের মতো পরিণতি হবে: আমিরে জামায়াত

ফ্যাসিবাদের রক্ত পরিবর্তন করে নতুন রক্ত সঞ্চালন করতে হলে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের তাগিদ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান। একই সঙ্গে সঠিক পথে না এলে সরকারকে ফ্যাসিবাদের মতো পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর জাতীয় জাদুঘরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনের ত্যাগই রূপ নিয়েছিলো গত পাঁচ আগস্টের বিজয়ে। কিন্তু দেশের মূলধারার রাজনীতি যারা নিয়ন্ত্রণ করছেন, তারা জনগণের সঠিক অনুভূতির মূল্যায়ন করতে পারছেন না। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়া এবং খুনিদের বিচার সুনিশ্চিত করা সবার পবিত্র দায়িত্ব উল্লেখ করে তিনি সরকারকে সঠিক পথে চলার আহবান জানান।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাইয়ের চেতনাকে প্রজন্মের পর প্রজন্ম লালন করতে হবে। এই আন্দোলন থেকে সরে গিয়ে রাজনৈতিক বা সাংস্কৃতিক ফ্যাসিস্টরা কোনো চক্রান্ত করলে তা শক্ত হাতে প্রতিহত করার হুঁশিয়ারি দেন তিনি।

সভাপতির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করে বলেন, একটি গোষ্ঠী জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস ও সত্য দলিলগুলো মুছে ফেলার চক্রান্ত করছে। ভবিষ্যতে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ের এই স্মৃতি ধরে রাখতেই এ ডকুমেন্টারি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দলীয়করণ ও অনিয়ম বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।

অনুষ্ঠানে গণ-অভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণে তরুণ নির্মাতাদের তৈরি সেরা প্রামাণ্যচিত্রগুলোর প্রদর্শনী শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।