প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হলো, বলে গেলেন না ত্রিবেদী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বাহিরে অপেক্ষারত সাংবাদিকদের কোনো ব্রিফ না করেই চলে গেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বেলা ১১টা ৫০ মিনিটের দিকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বের হয়ে চলে যান।

পরে উপস্থিত সাংবাদিকদের জানানো হয়, তিনি এখন কোনো কথা বলবেন না।

এর আগে রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর কুড়িলে অবস্থিত ইন্ডিয়ান ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) শিশুদের জন্য নির্মিত একটি খেলাঘর উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ত্রিবেদী বলেন, আমি মনে করি বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকারপ্রধান একসঙ্গে বসলে বিদ্যমান অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে।

উভয় দেশের প্রধানমন্ত্রীই অত্যন্ত জনবান্ধব। ফলে বিদ্যমান সঙ্কটগুলোর ইতিবাচক সমাধানের বিষয়ে তার পূর্ণ আত্মবিশ্বাস রয়েছে। দুই দেশের মধ্যে কোনো নেতিবাচকতা নেই, বরং সবকিছুই ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে এগোচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

দুই দেশের জনগণের মধ্যকার গভীর সম্পর্কের কথা তুলে ধরে দীনেশ ত্রিবেদী বলেন, ভারত ও বাংলাদেশের মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক এমনিতেই খুব চমৎকার। এখন প্রধান কাজ হলো দুই দেশের সরকারের মধ্যকার সম্পর্ককে আরও শক্তিশালী ও সুদৃঢ় করা। উভয় দেশের জনগণের মূল চাওয়া কেবল নিজস্ব আত্মসম্মান বজায় রাখা।