আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে দণ্ডিত আসামির ৩০ দিন পার হয়ে গেলে আর আপিল করার আইনি সুযোগ নাই বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, সেটা শেখ হাসিনা অথবা মাওলানা আবুল কালাম আযাদ—যেই হোক না কেন, আইন সবার জন্যই সমান।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ের আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মানবতাবিরোধী মামলায় মৃত্যুদণ্ড পাওয়া মাওলানা আবুল কালাম আযাদকে আপিলের শর্তে আত্মসমর্পণের নির্বাহী আদেশ বেআইনি ছিলো। শেখ হাসিনার আপিলের সুযোগ নেই।
জাতীয় সংসদে সদ্য পাস হওয়া ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন’–কে স্বাগত জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, এই নতুন আইন ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়ার সঙ্গে কোনোভাবেই সাংঘর্ষিক হবে না। যেসব গুমের ঘটনা ব্যাপক মাত্রায় এবং পদ্ধতিগতভাবে সংঘটিত হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সেগুলোর বিচার ট্রাইব্যুনালেই পরিচালনা করা হবে।
সাংবাদিক সম্মেলনে ট্রাইব্যুনালের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা পুনর্ব্যক্ত করেন আমিনুল ইসলাম। তিনি জানান, প্রভাবশালী কয়েকজন আসামির রায় ও বিচারিক কার্যক্রমকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় অপতৎপরতা বা নাশকতামূলক কর্মকাণ্ড চালানের চেষ্টার তথ্য প্রসিকিউশনের কাছে রয়েছে। এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সবাইকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।