সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে গঠিত বিএনপির বিশেষ কমিটিকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে জামায়াতে ইসলামীসহ বিরোধী ১১ দলীয় ঐক্য জোট। সংবিধানের কেবল কিছু অংশের সংশোধনী নয়, বরং এর পূর্ণাঙ্গ সংস্কার করার জন্য সরকারের প্রতি স্পষ্ট আহবান জানিয়েছেন তারা।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ১১ দলীয় ঐক্যের পক্ষে এ অবস্থানের কথা তুলে ধরেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সাংবাদিক সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটে জনগণ যে প্রক্রিয়ায় অনুমোদন দিয়েছেন, তাকে পাশ কাটিয়ে অন্য কোনো বিকল্প প্রক্রিয়াকে জনগণের ম্যানডেট সমতুল্য হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।
জনগণের রায় বা ভোটকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সুবিধা-অসুবিধা কিংবা সংসদে সংখ্যাগরিষ্ঠতার বিচারে গ্রহণ, বর্জন বা উপেক্ষা করা যায় না উল্লেখ করে তিনি বলেন, গণরায়ের প্রতি সম্মান প্রদর্শন করাই হলো গণতন্ত্রের মৌলিক দাবি।
সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোড়ে জনগণের সার্বভৌম ইচ্ছার বিকল্প হিসেবে কোনো বিশেষ কমিটি গঠন করা যায় না মন্তব্য করে সাংবাদিক সম্মেলনে ১১ দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে সরকারের কাছে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়।