কারাগার এবং রিমান্ডে চরম শারীরিক নির্যাতন এবং উন্নত চিকিৎসায় অবহেলার মাধ্যমে পঙ্গু করে দেয়ার অভিযোগ এনেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর। শুক্রবার সকালে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই নির্যাতনের এই অভিযোগ তোলেন তিনি। সংবাদ সম্মেলনে গাজী সালাউদ্দিনের শারীরিক অবস্থা তুলে ধরেন ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জন ডা. আব্দুল আহাদ।
সংবাদ সম্মেলনে গাজী সালাউদ্দিন তানভীর বলেন, গত ৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কারাবাস ও রিমান্ডে থাকার সময়ে তার ওপর চলা নির্মম বর্বরতার বর্ণনা দিয়ে তিনি জানান, মুখ খুললে পরিবারকে গুম করার হুমকি দেয়া সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে তিনি জাতির সামনে সত্য তুলে ধরতে এসেছেন।
অসুস্থতার কারণে কথা বলতে না পারায় পরে তানভীরের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত। এতে অভিযোগে করা হয়, গত ২ আগস্ট সাইবার সুরক্ষা আইনে বগুড়া সদর থানা বিএনপির সভাপতি এইচ এস মাফুতুন আহমেদ খানের করা মামলায় ৫ আগস্ট তাকে গ্রেপ্তার করে একটি আলো-বাতাসহীন ও অপরিচ্ছন্ন সেলে বন্দি রাখা হয়।
লিখিত বক্তব্য তানভীর দাবি করেন, আওয়ামী লীগ ঘেঁষা কারারক্ষী ও আওয়ামী আসামীরা তাঁকে ‘জুলাই জঙ্গি’ বলে গালিগালাজ করত এবং পচা-বাসি খাবার খেতে বাধ্য করত। একপর্যায়ে গুরুতর অসুস্থ ও ডায়রিয়ায় আক্রান্ত হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও সঠিক চিকিৎসার বদলে চিকিৎসকের অজান্তে শরীরে অন্তত ৭০ থেকে ৮০টি অজ্ঞাত ইনজেকশন পুশ করা হয়।
তিনি আরও যোগ করেন, এসবের প্রভাবে শরীরে প্রচণ্ড জ্বর, হাত-পা কাঁপুনি এবং পরবর্তীতে ডান পাশ অবশ হয়ে যায়। সেখানে ভুল চিকিৎসায় এমআরআই মেশিনের ভেতরে আকস্মিক যান্ত্রিক ত্রুটি ঘটলে তিনি ১০-১২ ঘণ্টা সংজ্ঞাহীন থাকেন এবং তাঁর কোমর থেকে পা পর্যন্ত অংশ অবশ ও পক্ষাঘাতগ্রস্ত (প্যারালাইজড) হয়ে পড়ে।
সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার অভিযোগ করে বলেছেন, শেখ হাসিনার আমলে বিরোধী মত দমনে যে পদ্ধতি অনুসরণ করা হতো এখনও তাই হচ্ছে। সাইবার সুরক্ষা আইনের অপব্যবহার করে গাজী সালাউদ্দিন তানভীরকে রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতন করেছে সরকার।
সারোয়ার তুষার বলেন, সাইবার সুরক্ষা আইন মূলতঃ ডিজিটাল নিরাপত্তা আইনের নতুন ভার্সন। অতীতের মত নতুন করে পুলিশি হেফাজতে আবারও নির্যাতন শুরু হয়েছে, যার ভুক্তভোগী গাজী সালাউদ্দিন তানভীর। সরকার বাক স্বাধীনতা কেড়ে নিয়ে বাকশাল প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেন এনসিপির এ নেতা।
তুষার বলেন, গাজী সালাউদ্দিন তানভীরের উপর যে অমানবিক নির্যাতন হয়েছে, তার তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। এর সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে।