আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে আর রাজনীতি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, দেশে নতুন করে কেউ ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে তাদের পরিণতিও ভিন্ন কিছু হবে না।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ২৮ অক্টোবর ‘পল্টন ট্র্যাজেডি দিবস’ উপলক্ষে জামায়াতে ইসলামী আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ৪০ বছরের পুরনো মামলা দিয়ে আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছিলো আওয়ামী লীগ। তারা নিজেরা এতো বড়ো অন্যায় ও অপকর্ম করে পার পাবে না, এই বিচারের শেষ দেখে ছাড়বো আমরা। আওয়ামী লীগকে পুনর্বাসনের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগকে নিয়ে অনেকেই নানাভাবে নাড়াচাড়া করছে। তবে স্পষ্ট কথা হলো, তাদের বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না। আওয়ামী লীগের অপশাসনের বিষয়ে দেশবাসী ঐক্যবদ্ধ থাকবে।
সংবিধান সংস্কার ও গণভোট প্রসঙ্গে জামায়াত আমির বলেন, সংবিধান নিয়ে সামান্য ঘষামাজার জন্য দেশের মানুষ রক্ত দেয়নি বা গণভোটে রায় দেয়নি। শাসনব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যেই মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে।
আলোচনা সভায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনার কথা স্মরণ করে বলেন, ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসী তাণ্ডবের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার পথ রুদ্ধ হয়ে গিয়েছিলো। মূলত আওয়ামী লীগের মূল চরিত্রই হচ্ছে গণতন্ত্রকে হত্যা করা। তারা ক্ষমতায় আসার আগে গণতন্ত্রের মিষ্টি কথা বলে, কিন্তু ক্ষমতায় এসে গণতন্ত্রের পথ পুরোপুরি রুদ্ধ করে দেয়।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি টেনে সেক্রেটারি জেনারেল আরও অভিযোগ করেন, বিএনপি সরকার আবারও পুরনো ফ্যাসিবাদের পথেই হাঁটতে শুরু করেছে।
দলের বিভিন্ন স্তরের শীর্ষ নেতাকর্মী ও সমর্থকেরা এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।