বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত বিএনপির এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের (আসন-২৩) উপ-নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী এলিজা জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।   

সোমবার (২ নভেম্বর) এ উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের (ইসি) যুগ্মসচিব মঈন উদ্দীন খান সংবাদমাধ্যমকে এই সিদ্ধান্তের কথা জানান।   

রিটার্নিং কর্মকর্তা জানান, আইন অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়া শেষে একক প্রার্থী থাকায় এলিজা জামানকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই এ সংক্রান্ত গেজেট প্রকাশের অনুমোদন দিয়েছে।   

তিনি আরও বলেন, কিছুক্ষণের মধ্যে নতুন সংসদ সদস্যের নাম ও পূর্ণাঙ্গ ঠিকানাসহ গেজেট প্রকাশ করা হবে। গেজেট প্রকাশের পরপরই তার শপথ গ্রহণের প্রয়োজনীয় আয়োজন করার জন্য তা জাতীয় সংসদ সচিবালয়ে পাঠানো হবে।

সাবেক সংরক্ষিত নারী আসন সদস্যের পদত্যাগের কারণে আসনটি শূন্য ঘোষিত হয়েছিলো। পরবর্তীতে বিএনপি এই শূন্য আসনে তাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক এলিজা জামানকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করে।