পোশাকশিল্প ধ্বংসের গভীর ষড়যন্ত্র চলছে: ডা. শফিকুর রহমান

দেশের তৈরি পোশাকশিল্প ধ্বংস করতে গভীর ষড়যন্ত্র চলছে বলে শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। ষড়যন্ত্রকারী ও স্বার্থান্বেষী মহল বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে এ শিল্প খাতে চরম অস্থিরতা তৈরি করছে বলে অভিযোগ করেছেন তিনি। এ পরিস্থিতিতে সরকারের প্রতি কঠোর অবস্থান নেওয়ার আহবান জানান জামায়াত আমির।   

সোমবার (২ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।   

পোস্টে জামায়াত আমির লেখেন, পোশাকশিল্পে চলমান ভাঙচুর ও বিশৃঙ্খলা অত্যন্ত উদ্বেগজনক। কোনো মালিক কিংবা শ্রমিকই শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। কোনো সচেতন শ্রমিক এমন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে পারেন না।   

ইতিমধ্যে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে বলে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, সামনে শীত মৌসুমকে ঘিরে দেশের পোশাকশিল্পে রপ্তানির যে বড়ো সম্ভাবনা তৈরি হয়েছে, তা নস্যাৎ করতেই এই ষড়যন্ত্র বা উসকানিমূলক অপতৎপরতা চালানো হতে পারে।   

দেশের অর্থনীতিকে রক্ষা করতে এবং শিল্প খাতের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কালক্ষেপণ না করে অবিলম্বে কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে পোশাকশিল্পের স্বার্থে মালিক, শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের জোর আহবান জানান তিনি।