দণ্ডিত আসামি হিসেবে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দী প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই দেশে ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি উল্লেখ করেন, দণ্ডিত আসামি হওয়ায় বাংলাদেশে তার ক্ষেত্রে অনেক মৌলিক মানবাধিকার বা সুবিধা কার্যকর থাকবে না।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।
যুক্তরাজ্যের আইনবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর মাধ্যমে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনের খবরের প্রেক্ষিতে সরকারের অবস্থান জানতে চাওয়া হলে তথ্য উপদেষ্টা জানান, শেখ হাসিনা যেভাবে ইচ্ছা সেভাবে দেশে ফিরতে পারবেন না।
তিনি বলেন, শেখ হাসিনাকে আমরা ধরে এনে বিচারে মুখোমুখি করতে চাই। তিনি শুধু অভিযুক্ত নন, আদালতের রায়ে দণ্ডিত অপরাধী। ফলে দেশে ফেরার প্রক্রিয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাকে দ্বিপক্ষীয় বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতাতেই দেশে ফিরতে হবে।
সম্প্রতি বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে ডা. জাহেদ বলেন, মাফিয়া দল আওয়ামী লীগের অবৈধ অর্থায়ন এখনো বন্ধ হয়নি, সে কারণেই এসব সহিংসতা ঘটছে। তবে সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং নাশকতার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
বাজার পরিস্থিতির বিষয়ে চাল ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বৃদ্ধির বিষয়টি স্বীকার করে তথ্য উপদেষ্টা বলেন, বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ভর্তুকি দেওয়া সরকারের জন্য কোনো স্থায়ী বা কার্যকর সমাধান হতে পারে না। তবে দেশে বর্তমানে যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ পরিমাণ খাদ্যের মজুত রয়েছে বলেও তিনি আশ্বাস দেন।
তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি চূড়ান্ত করার বিষয়ে তিনি জানান, চলতি বছরের আগামী ডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি কাঠামো নির্ধারণ ও চূড়ান্ত কাজ শেষ হবে।