শক্তিশালী রাষ্ট্রের প্রশ্রয়ে দেশজুড়ে নাশকতার চেষ্টা চলছে: রিজভী

শক্তিশালী কোনো রাষ্ট্রের প্রশ্রয়ে দেশজুড়ে পরিকল্পিতভাবে নাশকতা সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘অপশক্তির এসব তৎপরতা বেশিদিন টিকবে না।’

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশের রাজনৈতিক ইতিহাসের বিভিন্ন অধ্যায় তুলে ধরেন মুখ্য আলোচক মাহবুব উল্লাহ।

আলোচনা সভায় রুহুল কবির রিজভী বলেন, ‘অপশক্তি কখনো চুপচাপ বসে থাকে না। বিভিন্ন অপতৎপরতার মাধ্যমে তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করে।’

দেশে পরিকল্পিতভাবে নাশকতা সৃষ্টির চেষ্টা চলছে অভিযোগ করে তিনি বলেন ‘জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও সেই অপতৎপরতার অংশ।’

এদিকে, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল।

সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম সন্ত্রাস ও অগ্নিসংযোগের পথ পরিহার করে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েও বিএনপি কখনো আন্ডারগ্রাউন্ডের রাজনীতির পথ বেছে নেয়নি।’

সন্ত্রাসী রাজনীতির পথ বেছে নিলে জনগণই তার বিচার করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।