নুসরাত তাবাসসুমের বাড়িতে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় টিম

পেট্রোল বোমায় পুড়ে যাওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় দল।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে গিয়ে প্রেস ব্রিফিং করবেন দলটির সংসদ সদস্যরা।

পরিদর্শনকারী সংসদীয় দলে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি, যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু এমপি, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর।

উল্লেখ্য, গত বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এ সময় বাড়িতে আটজন ছিলেন। তাদের মধ্যে দুজন আহত হন। এ ঘটনায় দুটি ছাগল মারা যায় এবং বাড়ির আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় দৌলতপুর থানায় সংসদ সদস্য নুসরাত তাবাসসুম বাদী হয়ে মামলা করেছেন। মামলায় আটজনের নাম উল্লেখ করে ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

নাম উল্লেখ করা আসামিরা হলেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম অভি ও সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার অর্পন, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিক শিকদার ও যুগ্ম আহ্বায়ক মো. রিদয়, কুষ্টিয়া জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মীর সাইফুল ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মমিনুর রহমান মহন এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।