শেখ হাসিনার প্রত্যাবর্তনের সুযোগ নেই, ফিরতে হবে প্রত্যর্পণেই: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো প্রত্যাবর্তনের মাধ্যমে নয়, বরং প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আইনি প্রক্রিয়ায় দেশে ফিরতে হবে। দেশে ফিরলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন।

আলোচনা সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, তিনি (শেখ হাসিনা) দেশে ফিরতে চান এবং তার আইনজীবীরা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চাচ্ছেন। রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনা এক হাজার ৪০০ ছাত্র-জনতাকে হত্যা করেছেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং ফাঁসির আদেশ হয়েছে। তাকে বিচারের আওতায় আসতে হবে এবং যে দণ্ড তিনি পেয়েছেন, তাতে দণ্ডিত হতে হবে। আইনি প্রক্রিয়া ও প্রত্যর্পণ চুক্তি অনুযায়ীই তাকে দেশে ফিরতে হবে বলে মন্তব্য করেন তিনি।

সাত নভেম্বরের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, সাত নভেম্বর পেয়েছিলাম বলেই আজও আমরা জেগে উঠতে পারি, স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারি। সাত নভেম্বর ছিলো আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় জাগরণ ও স্বাধীনতা রক্ষার দিন। সেদিন পার্শ্ববর্তী দেশের থাবা কেটে গিয়েছিলো এবং স্বাধীন দেশ অন্ধকার থেকে বেরিয়ে আলোর পথে যাত্রা শুরু করেছিলো।

স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে সাত নভেম্বরের চেতনা প্রেরণা জুগিয়েছে উল্লেখ করে রিজভী দেশে যাতে আর কোনো অত্যাচারী ফ্যাসিস্টের জন্ম না হয়, সে জন্য গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার আহবান জানান। পাশাপাশি তিনি রাজনৈতিক আন্দোলনের সঙ্গে সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক আন্দোলনেও সক্রিয় হওয়ার জন্য জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রীদের প্রতি আহবান জানান।