দেশব্যাপী সহিংসতা প্রতিরোধে সভা-সমাবেশসহ টানা ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। আগামী ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি পালন করবে দলটি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে পরাজিত ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে।’
এর আগে দেশের সার্বিক পরিস্থিতি এবং দেশজুড়ে নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য মোকাবিলায় করণীয় নিয়ে বৈঠক করেন এগারো দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে এগারো দলীয় ঐক্যের নেতারা বলেন, জনগণের নিরাপত্তার স্বার্থে তারা ঐক্যবদ্ধ থাকবেন। সরকারের নীরব ভূমিকার সুযোগে পলাতক ফ্যাসিস্ট অগ্নিসন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ করেন ঐক্যের মুখপাত্র হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, জনগণের প্রয়োজনে রাজপথে ঐক্যবদ্ধ থাকবেন তারা।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ এগারো দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।
পরে সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণকে সঙ্গে নিয়ে পরাজিত শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। দেশব্যাপী সহিংসতা প্রতিরোধে ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সভা-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলামী।