সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং দলের অভ্যন্তরে বিরোধ সৃষ্টির গুরুতর অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা. ইসমাইল হোসেনকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার, জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
জেলা জামায়াতের পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি সংগঠনের কর্মী ডা. ইসমাইল হোসেনের বিরুদ্ধে জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘাত ও বিরোধ উসকে দেওয়ার মতো গুরুতর অভিযোগ ওঠে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রমাণিত হওয়ায় সাংগঠনিক শৃঙ্খলার স্বার্থে তাকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে জেলা জামায়াতের সেক্রেটারি আবু বাক্কার সংবাদ বিজ্ঞপ্তির সত্যতা নিশ্চিত করে জানান, ডা. ইসমাইল সংগঠনের সঙ্গেই যুক্ত ছিলেন। কিন্তু সম্প্রতি দলের ভেতরে বিভেদ ও সংঘাত সৃষ্টির অভিযোগ ওঠায় সংগঠন এই কঠোর পদক্ষেপ নিয়েছে। একই সঙ্গে জামায়াতের সর্বস্তরের নেতাকর্মীদের ডা. ইসমাইলের সঙ্গে সব ধরনের সাংগঠনিক বা ব্যক্তিগত চলাচল থেকে বিরত থাকার এবং দলীয় সিদ্ধান্ত মেনে চলার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযোগ ও বহিষ্কারের বিষয়ে বক্তব্য জানতে ডা. ইসমাইল হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। তবে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি ভিন্ন দাবি করেছেন। সেখানে তিনি লেখেন, তিনি কখনোই জামায়াতে ইসলামীর কর্মী ছিলেন না। তবে, অতীতে ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বর্তমানে তিনি সংগঠনটির একজন শুভাকাঙ্ক্ষী মাত্র।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই নানা বিতর্কে জড়িয়ে আলোচনায় রয়েছেন এই চিকিৎসক। জামায়াত থেকে বহিষ্কারের মাত্র তিন দিন আগে, গত বৃহস্পতিবার সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)-এর জেলা শাখার সহ-সভাপতির পদ থেকেও তাকে বহিষ্কার করা হয়।
এনডিএফের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ওই নোটিশে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা সাত দিনের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
এখানেই শেষ নয়; ওই একই দিনে হাসপাতাল দখলের আশঙ্কায় চাঁপাইনবাবগঞ্জ ম্যাক্স হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ডা. ইসমাইল হোসেনের চেম্বারও বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
জানা গেছে, এর আগের দিন (১১ নভেম্বর) সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান মালিকানা দাবি করে লোকজন নিয়ে ওই হাসপাতালে গেলে উত্তেজনা তৈরি হয়। এরপরই হাসপাতাল দখলের শঙ্কায় কর্তৃপক্ষ চেম্বার বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয় এবং ডা. ইসমাইলের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গ করে অবৈধভাবে শেয়ার বিক্রির অভিযোগ তোলে।
