বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপপরিদর্শক মো. মুর্শিদুল আলম আদালতে দেওয়া আবেদনে জানান, বুধবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর উত্তরা এলাকার একটি বাসা থেকে জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।
আদালতে দেওয়া আবেদনে তদন্ত কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জ্যোতির কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে। তার নাম-ঠিকানাও যাচাইয়ের প্রক্রিয়ায় রয়েছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন বলে মনে করছে পুলিশ। তদন্তের প্রয়োজনে পরে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।