ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে রোববার (২৯ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে প্রথম দিনেই সংলাপের আমন্ত্রণ পেয়েছে বিরোধীদল জামায়াতে ইসলামীসহ ১৫টি রাজনৈতিক দল। তবে নির্ধারিত বৈঠকে অংশ নেবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। জোটগত সিদ্ধান্ত অনুযায়ী, এগারো দল একসঙ্গে ইসির সঙ্গে বৈঠকে বসতে চায়।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের একাত্তরকে এই তথ্য জানান।
এর আগে রোববার ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের অংশ না নেওয়ার বিষয়টি জানান দলটির সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আযাদ।
সন্ধ্যায় এহসানুল মাহবুব জুবায়ের একাত্তরকে জানান, গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ১১ দলীয় জোটের বৈঠকে সিদ্ধান্ত হয়, ইসির সঙ্গে এগারো দল একত্রে বৈঠক করবে। এ বিষয়ে জোটের পক্ষ থেকে ইসির কাছে অবস্থান তুলে ধরা হয়েছে। তবে এখন পর্যন্ত বৈঠকের নতুন কোনো তারিখ ঘোষণা করেনি ইসি। নতুন তারিখ নির্ধারণ করা হলে সে অনুযায়ী ১১ দল একসঙ্গে বৈঠকে অংশ নেবে।
তবে জামায়াতে ইসলামী রোববারের বৈঠকে অংশ নেবে কি না, কিংবা এগারো দলের জন্য নতুন করে সময় নির্ধারণ করা হবে কি না, এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি নির্বাচন কমিশন (ইসি)। এদিকে, একই দিন নির্ধারিত সময়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে বৈঠকে অংশ নিতে চায় বলে জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এদিকে, গত বৃহস্পতিবার রাতে জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সে সময় তিনি জানান, সরকার সংলাপের আহবান জানালে জামায়াতে ইসলামী একা নয়, এগারো দলীয় ঐক্যের প্রতিনিধিদের সমন্বয়ে তাতে অংশ নেবে। সেই ধারাবাহিকতায় ইসির সঙ্গে বৈঠকের ক্ষেত্রেও একই সিদ্ধান্তের কথা জানালো দলটি।
ওই দিন মিয়া গোলাম পরওয়ার আরও জানিয়েছিলেন, জুলাই সনদকে পাশ কাটিয়ে সরকারের সঙ্গে কোনো ঐক্যও হবে না।