রক্ত দিয়ে লেখা জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় মানলেই ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য আবার ফিরে আসবে বলে মন্তব্য করেছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ মোকাবিলায় সর্বশক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত। তবে গণভোটের রায় অগ্রাহ্য করার কারণে এই ঐক্য বিনষ্ট হলে সরকারকেই এর দায় নিতে হবে।
দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অগ্নিসন্ত্রাস-নৈরাজ্য ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে শনিবার (২১ নভেম্বর) রাজধানীতে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন জামায়াত নেতারা। বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে মিছিলে যোগ দেন সংগঠনটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা।
মিছিলপূর্ব সমাবেশে মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা চাই না সরকার ব্যর্থ হোক। দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ দেখতে চাইলে রক্ত দিয়ে লেখা জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।
তিনি আরও বলেন, গণভোটের সামনে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার কোনো মূল্য নেই। জুলাই সনদ করার সময় যে ঐক্য তৈরি হয়েছিলো, গণভোটের রায় মানলে সেই ঐক্য আবার ফিরে আসবে এবং ফ্যাসিবাদকে ঠেকানো যাবে।
গত এক সপ্তাহের সহিংসতা ও নৈরাজ্যের প্রসঙ্গ টেনে জামায়াতের সেক্রেটারি জেনারেল দাবি করেন, এসব ঘটনা প্রমাণ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। থানায় আগুন দিয়ে ও মানুষ হত্যা করে দেশে জঙ্গিবাদ কায়েম করার চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, মানুষ হত্যা করে মানুষের সহানুভূতি পাওয়া যাবে না। আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই চলবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করেন গোলাম পরওয়ার। তিনি বলেন, একটি জেলার সন্ত্রাসই নিয়ন্ত্রণ করতে পারছেন না স্বরাষ্ট্রমন্ত্রী—তার আর দায়িত্বে থাকার অধিকার আছে কি না, সরকারকে তা ভেবে দেখা দরকার। পাশাপাশি প্রশাসন থেকে শুরু করে সরকারের মন্ত্রিসভা পর্যন্ত ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে আছে এবং বিএনপি নেতাদের বাড়িতে আওয়ামী লীগের নেতারা আশ্রয় নিচ্ছেন বলে অভিযোগ করে এ বিষয়ে সরকারপ্রধানের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
