স্বপ্ন পূরণ হলো না আর্জেন্টিনার। ফুটসাল বিশ্বকাপের ফাইনালে আলবিসেলেস্তাদের ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে পর্তুগাল।
রোববার (৪ অক্টোবর) লিথুয়ানিয়ার জালগিরিস এরেনায় ম্যাচের শুরু থেকেই পর্তুগিজদের দাপট দেখা যায়। ম্যাচের ১৫ আর ২৮ মিনিটে পানির জোড়ার গোলে প্রথমার্ধেই লিড নেয় পর্তুগাল। আর্জেন্টিনার পক্ষে একটি গোল শোধ দেন ক্লাউদিনহো।
তবে তাতে করে পর্তুগালের জয় আটকাতে পারেনি ২০১৬ সালের চ্যাম্পিয়নরা। ব্রাজিল, স্পেন আর আর্জেন্টিনার পর চতুর্থ দল হিসেবে ফুটসাল বিশ্বকাপের শিরোপা জিতলো পর্তুগাল। এর আগে ইউরো কাপ ফুটসালেরও শিরোপা জিতেছিলো তারা।
এদিকে, কাজাখস্তানকে ৪-২ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করেছে ব্রাজিল। প্রথমার্ধে ব্রাজিলের গোলকিপার গুইত্তা একটি আত্মঘাতী গোল করলে এগিয়ে যায় কাজাখস্তান।
আরও পড়ুন: আইপিএলে এবার মুখোমুখি সাকিব-মুস্তাফিজ
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই কাজাখ উইঙ্গার তায়নান দা সিলভাও আত্মঘাতী গোল করলে সমতায় ফেরে দুই দল। পরে অবশ্য ঠিকঠাক নিজেদের জালেই বল জড়াতে সমর্থ হন তায়নান। এর এক মিনিট পরেই ব্রাজিলের রদ্রিগো গোল করলে ২-২ এ লড়াই জমে ওঠে।
তবে শেষ পর্যন্ত ফেরাও আর লে'র গোলে ৪-২ ব্যবধানে ম্যাচ শেষ করে ব্রাজিল। আট গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার হন ফেরাও।