ব্রাজিলের ফুটবল অঙ্গনে এখন মাঠের খেলার চেয়েও বেশি উত্তাপ ছড়াচ্ছে কথার লড়াই! গত সপ্তাহে প্রীতি ম্যাচে জাপানের কাছে ৩-২ গোলে হারের পর সেলেসাও কোচ কার্লো আনচেলত্তির ওপর রীতিমতো চড়াও হয়েছিলেন ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোমারিও।
সামাজিক মাধ্যমে সরাসরি আনচেলত্তিকে বিদায় নেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। তবে চুপ থাকেননি ইতালিয়ান এই মাস্টারমাইন্ডও। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রোমারিওকে পাল্টা খোঁচা দিয়ে আনচেলত্তি সাফ জানিয়ে দিলেন, “রোমারিও বড্ড বেশি কথা বলেন!”
গত শুক্রবার জাপানের বিপক্ষে ম্যাচে ভিনিসিউস জুনিয়রের জোড়া গোল সত্ত্বেও শেষ মুহূর্তের গোলে ৩-২ ব্যবধানে হেরে যায় ব্রাজিল। সেই ম্যাচে রাফিনিয়া লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এবং ম্যাচের শেষ বাঁশি বাজার পর রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে লাল কার্ড দেখেন খোদ কোচ আনচেলত্তিও।
এই হারের পর ক্ষোভে ফেটে পড়ে ব্রাজিলের হয়ে ৭০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা সাবেক তারকা রোমারিও সোশ্যাল মিডিয়ায় লেখেন, আনচেলত্তি, অনেক হয়েছে! নিজের জিনিসপত্র গুছিয়ে বিদায় নিন।
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে সাংবাদিকরা রোমারিওর এই মন্তব্যের বিষয়ে জানতে চাইলে আনচেলত্তি বেশ ঠান্ডা মাথায় অথচ তীক্ষ্ণ ভাষায় জবাব দেন।

তিনি বলেন, একটি গণতান্ত্রিক দেশে বাকস্বাধীনতা রয়েছে, এখানে প্রত্যেকেরই নিজস্ব মতামত প্রকাশ করার অধিকার আছে। তিনি মিথ্যা বলতে পারেন, সত্য বলতে পারেন কিংবা আবোলতাবোল বকতে পারেন। তিনি যা বলছেন তা সঠিক, ভুল নাকি নিছক বোকামি- সেটা বিচার করা আমার কাজ নয়। আসল সত্যি হলো, রোমারিও অনেক বেশি কথা বলেন। বড্ড বেশি। তবে এটা তাঁর অধিকার।
চারপাশের তীব্র সমালোচনার মুখেও নিজের পরিকল্পনা ও দলের ভবিষ্যৎ নিয়ে দারুণ আশাবাদী কার্লো আনচেলত্তি। তিনি মনে করেন, ব্রাজিল সঠিক পথেই এগোচ্ছে।
নিজের অবস্থান পরিষ্কার করে এই অভিজ্ঞ কোচ বলেন, এটি একটি নতুন প্রজেক্ট এবং আমরা যা করছি তা আমার সত্যিই খুব ভালো লাগছে। আমাকে আরও অনেক কিছু করতে হবে, এবং আমি তা করব। এখানে থাকতে এবং জাতীয় দলের অংশ হতে আমার ভালো লাগে। দলকে আবারও প্রতিযোগিতামূলক করে তুলতে আমাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে।
দীর্ঘদিন ধরে ব্রাজিল নিজেদের চেনা ছন্দে নেই স্বীকার করে আনচেলত্তি যোগ করেন, আমরা অনেক দিন ধরে সেভাবে প্রতিযোগিতামূলক অবস্থায় নেই। আমি আমার সবটুকু উজাড় করে দিয়ে এই জাতীয় দলকে আবারও বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও সেরা দল হিসেবে গড়ে তুলতে চাই।
