সাকিব আল হাসানকে সরিয়ে অক্টোবর মাসের পারফরম্যান্সে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পাকিস্তানের আসিফ আলী। সাকিব ছাড়াও তার প্রতিদ্বন্দ্বী ছিলেন নামিবিয়ার ডেভিড ভিসা। বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা আসিফই হয়েছেন এই মাসের সেরা খেলোয়াড়।
গত ৪ নভেম্বর এ মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ খেতাবের জন্য মনোনয়ন পাওয়া তিন ক্রিকেটারের নাম ঘোষণা করে আইসিসি। বাংলাদেশি অলরাউন্ডার সাকিব ছাড়াও এই তালিকায় ছিলেন পাকিস্তানের আসিফ আলী এবং নামিবিয়ার হয়ে বিশ্বকাপ খেলা সাবেক প্রোটিয়া অলরাউন্ডার ডেভিড ভিসা।
মঙ্গলবার (৯ নভেম্বর) আইসিসি জানিয়েছে, সাকিব ও ভিসাকে হারিয়ে আসিফই জিতে নিয়েছেন অক্টোবরের সেরা ক্রিকেটারের খেতাব।
এর আগে জুলাই মাসের পারফরম্যান্সে আগস্টে প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন সাকিব। সাকিবের প্রতিদ্বন্দ্বী ছিলেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ। মার্শ ও ওয়ালশকে হারিয়ে সাকিবই শেষপর্যন্ত জিতে নেন জুলাই মাসের শ্রেষ্ঠত্বের খেতাব। অক্টোবরের পারফরম্যান্স মিলিয়ে দ্বিতীয়বারের মত এই খেতাবের মনোনয়ন পেয়েছিলেন বাংলাদেশি অলরাউন্ডার।
আরও পড়ুন: সুযোগ পেলে মূল দলকেও বিশ্বকাপ জেতাবো: হৃদয়
আসিফ ছাড়াও অক্টোবরে খেতাব পেয়েছেন লরা ডিলানি। প্রমীলা ক্রিকেটার ক্যাটাগরিতে গ্যাবি লুইস ও ম্যারি আন্নে মুসন্দাকে হারিয়ে তিনি হয়েছেন মাসের সেরা ক্রিকেটার।
একাত্তর/এসএ