সহসাই ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ প্রায় অসম্ভব

শুধু বোর্ড চাইলেই আর হবে না, ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের ভাগ্য নির্ধারণ করছে দুই দেশের সরকার প্রধানের হাতে। এমনটাই জানিয়েছেন বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলি।

সীমান্ত সমস্যায় দীর্ঘদিন বন্ধ দুই দলের সিরিজ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর খানিকটা আশা জাগিয়েছিল, তবে সে আশা সহসাই পূরণ হচ্ছে না।

ফাইনাল কিংবা সেমিফাইনাল নয়, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি মানুষ দেখেছে ভারত-পাকিস্তান ম্যাচ। যা রীতিমত রেকর্ড।

টেলিভিশন সংস্থা এই ম্যাচের স্পট বিক্রি করেছে সব থেকে চড়া দামে। বিজ্ঞাপনের রেট ছিলো আকাশছোঁয়া। আর মাঠে বসে খেলা দেখতে দর্শকদের গুণতে হয়েছে সবচেয়ে বেশি টাকা।

ক্রিকেট অ্যারেনায় ভারত-পাকিস্তান ম্যাচের আবেদনটা ঠিক এমনই। তবে ২২ গজ ছাড়িয়ে ভক্তদের মাঝে যে উত্তাপ তৈরি হয়, সে লড়াই থেকেই বঞ্চিত দু’দেশের সমর্থকরা।

রাজনৈতিক টানাপোড়েনে দুদলের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ সেই ২০১২ সাল থেকে। আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টে বছরে এক দুই বার মুখোমুখি অবতীর্ণ হয় পাক-ভারত।

এবারের বিশ্বকাপে কোহলির ভারতকে একেবারে দাঁড়াতেই দেয়নি বাবর আজমের পাকিস্তান। তাই বিশ্বকাপ শেষ হতেই নতুন করে শোরগোল ওঠে দুই দলের সিরিজ আয়োজনে।

বিসিসিআই কর্তা সৌরভ গাঙ্গুলিকে পেতেই তার কাছেই জানতে চাওয়া হলে তিনি সোজা ব্যাটেই খেললেন, এই সিরিজের ভাগ্য দুই দেশের সরকার প্রধানের হাতে।

একই প্রশ্নের জবাবে পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা বলেছিলেন, এই মুহূর্তে দ্বিপাক্ষিক সিরিজ কার্যত অসম্ভব। এর পেছনে অন্তরালগুলো দূর করতে অনেক সময় লাগবে।

তবে আইসিসি প্রধান নির্বাহী অ্যালারডাইস বলছেন ভিন্ন কথা, দুই দশের বোর্ড রাজি হলেই সিরিজ আয়োজন সম্ভব। যদি বিসিসিআই ও পিসিবি রাজি না হয়, তাহলে আইসিসিরও সিরিজ আয়োজনের সাধ্য নেই।

দুদেশের সম্পর্ক এতটাই সঙ্গিন যে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই আসরেও রাখা হয়নি ভারত-পাকিস্তানের মধ্যকার কোনো টেস্ট সিরিজ। যদি দু’দল ফাইনালে উঠে তবে ম্যাচ হবে নিরপেক্ষে ভেন্যুতে।

আরও পড়ুন: আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচে বন্ধু নেইমারকে পাচ্ছেন না মেসি

বিশ্বকাপে পাকিস্তানের কাছে নাজেহাল হওয়ার পর রিজওয়ানকে বিরাটের আলিঙ্গন, যা মুগ্ধ করেছিলো পুরো বিশ্বকে।

কিংবা অসুস্থ রিজওয়াকে দ্রুত সুস্থ করতে ভারতীয় চিকিৎসকের প্রাণান্তকর চেষ্টা যেনো বলতে চায় অনেক হয়েছে, সব বিভেদ ভুলে চল এগিয়ে যাই একসাথে এক হয়ে।


একাত্তর/আরএ