শ্রীলংকা দলের ‘পরমার্শক কোচ’ মাহেলা জয়াবর্ধনে

শ্রীলংকা জাতীয় ক্রিকেট দলের পরামর্শক কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। জানুয়ারি মাস থেকে নতুন এই দায়িত্ব পালন শুরু করবেন তিনি।

দেশটির ক্রিকেট বোর্ডের নির্বাহী কমিটির পক্ষ থেকে এক বছরের জন্য তাকে দায়িত্ব দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। খবর বাসসের।

এর আগে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে শ্রীলংকা দলের পরামর্শক হিসেবে দায়িত্বে ছিলেন জয়াবর্ধনে।

জাতীয় দলের পাশাপাশি শ্রীলংকা পুরুষ অনূর্ধ্ব-১৯ ও ‘এ’ দলের সাথেও কাজ করবেন তিনি।

শ্রীলংকা ক্রিকেটের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় দলের সকল ক্রিকেট বিষয়ক কাজের দায়িত্বে থাকবেন জয়াবর্ধনে। একই সাথে হাই পারফরম্যান্স সেন্টারের ক্রিকেটার ও ম্যানেজমেন্ট টিমকে কৌশলগত সহায়তা দেবেন তিনি।

আরও পড়ুন: ভুটানকে বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলার মেয়েরা

এদিকে দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ৪৪ বছর বয়সী জয়াবর্ধনে। তিনি বলেন, আমাদের বিভিন্ন ডেভেলপমেন্ট স্কোয়াডগুলোর জাতীয় ক্রিকেটার ও কোচদের সাথে কাজ করার দারুণ সুযোগ এটি। এর মধ্যে অনূর্ধ্ব-১৯ ও ‘এ’ টিমও রয়েছে। শ্রীলংকায় ক্রিকেট প্রতিভা ও সম্ভাবনাময় খেলোয়ারদের সহায়তা করার সুযোগ হলো।

তিনি আরও বলেন, আমার প্রধান কাজ, আগামী বছরে আমাদের প্রস্তুতি এবং কৌশলগত-চিন্তার পরিপ্রেক্ষিতে আমাদের জাতীয় কোচ এবং সাপোর্ট স্টাফদের দলকে সাপোর্ট দেয়া।

আগামী বছর ওয়েস্ট ইন্ডিজে যুব বিশ্বকাপকে সামনে রেখে গত সেপ্টেম্বরে অনূর্ধ্ব-১৯ দলেরও দায়িত্ব দেয়া হয় জয়াবর্ধনেকে।

১৯৯৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত শ্রীলংকার জাতীয় দলের হয়ে খেলা জয়াবর্ধনে ১৪৯টি টেস্টে ১১৮১৪ রান, ৪৪৮টি ওয়ানডেতে ১২৬৫০ রান ও ৫৫টি টি-টোয়েন্টিতে ১৪৯৩ রান করেন।


একাত্তর/টিএ