নতুন বছরে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের মহারণ। শুরুর দিনই আছে হাই ভোল্টেজ ম্যাচ। শেষ ষোলোর লড়াইয়ে ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে পিএসজি।
অন্যদিকে, পর্তুগীজ দল স্পোর্টিং লিসবনের বিপক্ষে খেলতে যাবে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। দুটো খেলাই শুরু বাংলাদেশ সময় রাত দুটায়।
গেলো গ্রীষ্মে বেশ ঘটা করেই পিএসজিতে আনা হয়েছিলো লিওনেল মেসিকে। উদ্দেশ্য একটাই এই আর্জেন্টাইনের হাত ধরে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিটা ছুঁয়ে দেখা।
লিগ ওয়ানে পারিসিয়ানদের রমরমা অবস্থা থাকলেও, গেলো ৬৭ বছরে একবারও নিজেদের করে উঠতে পারেনি ইউসিএল শিরোপা।
আগে হয়নি বলে যে আর হবে না তাতো নয়। এক ফ্রেমে যখন মেসি, নেইমার তখন যে কোনো কিছুই সম্ভব। শেষ ষোলোর লড়াইয়ে ঘরের মাঠে প্রতিপক্ষ ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
পিএসজি গ্রুপ পর্ব শেষ করেছে টেবিলের দুইয়ে থেকে। চ্যাম্পিয়ন্স লিগে ছয় ম্যাচ খেলে তিন ম্যাচে জয় দুইটিতে ড্র আর একটিতেই হার।
রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেড টু হেডটা খুব একটা সুবিধার নয়। ৯ ম্যাচ খেলে কেবল দুইবারই জিতেছে পারিসিয়ানরা।
আরও পড়ুন: টি-টোয়েন্টিতে কি আসল রূপে ফিরছেন বিরাট
বিগ ম্যাচে মেসি, এমবাপেকে সঙ্গ দিতে ইনজুরি কাটিয়ে ফিরেছেন ব্রাজিলিয়ান স্টার নেইমার, সাথে আছেন ডি মারিয়া, উইনালডম। তবে ছিটকে গেছেন সার্জিও রামোস।
অন্যদিকে, ১৪ নম্বর শিরোপা জয়ে বাক্স পেট্রা গুছিয়ে ফরাসি রাজ্যে রিয়াল মাদ্রিদ। পরিসংখ্যানে এগিয়ে থাকলেও ২০১৮ সালের পর পিএসজির বিপক্ষে জয় পায়নি লস ব্লাঙ্কোস।
সেই খরা কাটাতে টিন ক্রুস, লুকা মদ্রিচ আর ক্যাসিমিরোকে নিয়ে আনচেলোত্তি সাজাচ্ছেন সলিড মিডফিল্ড।
সাথে বড় স্বস্তি নিয়ে রিয়াল একাদশে ফিরছেন শেষ তিন ম্যাচ মিস করা কারিম বেনজামা। সাথে স্ট্রাইকিং জোনে আছেন অ্যাসেনসিও, ভিনিসিয়াস জুনিয়র।
প্যারিস থেকে পর্তুগাল। স্পোর্টিং লিসবনের বিপক্ষে শুরু হচ্ছে ম্যানসিটির চ্যাম্পিয়ন্স লিগ মিশন । ২০১২ সালের পর এই প্রথম দুই দলের লড়াই।
নামে ভারে সিটিজেনরা এগিয়ে থাকলেও পরিসংখ্যান বলে ভিন্ন কথা। দুদলের তিন ম্যাচে দুই বার জিতেছে লিসবন। এবারে তাই আটঘাট বেধে নামছে পেপ গার্দিওলার দল। সাসপেনশনে এই ম্যাচ খেলতে পারছেন না কাইল ওয়াকার। সাথে জেসুস আর গ্রেলিসকে নিয়ে আছে শঙ্কা। ফ্রন্টলাইন সামলে নিবেন ইনফর্ম কেভিন ডি ব্রুইনা, মাহরেজ আর স্টারলিং।
একাত্তর/এসজে