শরণার্থী হিসেবে ব্রিটেনে আশ্রয় নেয়া আন্দ্রি ক্রাভচুক (২৩) ম্যানচেস্টার সিটির বয়স ভিত্তিক দলের সাথে অনুশীলনের অনুমতি পেয়েছেন। তিনি একজন মিডফিল্ডার। বিষয়টি ক্লাবসূত্রে নিশ্চিত হওয়া গেছে।
ইউক্রেনে সামরিক আগ্রাসনের পর রাশিয়ান ক্লাব টরপেডো মস্কোর সাথে চুক্তি বাতিল করে তিনি ম্যানচেস্টারে পালিয়ে আসেন। মৌসুমের শেষ পর্যন্ত সিটির অনূর্ধ্ব-২৩ দলের সাথে অনুশীলনের অনুমতি পেয়েছেন ক্রাভচুক।
ফিফা ইতোমধ্যেই রাশিয়া ও ইউক্রেনের বিদেশী খেলোয়াড়দের নিজ নিজ চুক্তি সাময়িক বাতিল করে অন্যত্র খেলার অনুমতি দিয়েছে।
যদিও মৌসুমের শেষ পর্যন্ত মূল কোন দলে এ ধরনের খেলোয়াড়দের রেজিস্টার করার অনুমোদন দেয়নি প্রিমিয়ার লিগের ক্লাবগুলো।
মূলত সিটির ইউক্রেনীয়ান মিডফিল্ডার ওলেক্সান্দার জিনচেনকোই ক্রাভচুককে ম্যানচেস্টার জায়ান্টদের হয়ে অনুশীলন করার সুযোগ করে দিয়েছেন। শাখতার দোনেস্কর একাডেমীতে থাকাকালীন শৈশবেই ক্রাভচুকের সাথে বন্ধুত্ব গড়ে ওঠে জিনচেনকোর।
আরও পড়ুন: রাত থেকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের উত্তেজনা
সিটি ও প্রতিপক্ষ দলগুলোর সর্বাত্মক সমর্থন পাবার কারণে জিনচেনকো দেশে এত বড় আগ্রাসন হওয়া সত্ত্বেও এখনো খেলা চালিয়ে যাচ্ছেন।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) প্রথমবারের মত সিটির সাথে অনুশীলনে নামবেন ক্রাভচুক।
একাত্তর/আরএ