খাঁদের কিনারা থেকে ম্যাচ বের করা- কথাটি হয়তো রিয়াল মাদ্রিদের ক্ষেত্রেই মানান সই। এর প্রমাণ আরও একবার দিলো স্প্যানিস জায়ান্ট রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছে তারা।
৯০ মিনিটের আগ পর্যন্ত স্কোর লাইন ছিল এমন- ম্যানচেস্টার সিটি ১, রিয়াল মাদ্রিদ শূন্য। শেষে সময় যোগ হলেও দুই লেগে দুই গোলের অগ্রগামিতায় ম্যানসিটি ধরেই নিচ্ছিল ফাইনালের টিকিট বুঝি নিশ্চিত!
ম্যানচেস্টার সিটির বিপক্ষে শেষ মুহূর্তে পরপর দুই মিনিটে দুই গোল করে দলের আশা বাঁচিয়ে রাখলেন রদ্রিগো। খেলা গড়াল অতিরিক্ত সময়ে। সেখানে জালের দেখা পেলেন করিম বেনজেমা। চেনা আঙিনায় আরেকটি প্রত্যাবর্তনের অসাধারণ গল্প লিখে, ম্যানচেস্টার সিটির আশা গুঁড়িয়ে ফাইনালে উঠল কার্লো আনচেলত্তির দল।
বুধবার রাতে সান্তিয়াগো বার্নাব্যু-তে সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে রিয়াল ম্যাচ জিতে নিল ৩-১ গোলে। ৬-৫ গোলের অগ্রগামিতায় নিশ্চিত করে প্যারিসের ফাইনালের টিকেট।
আগামী ২৯ মে শিরোপা লড়াইয়ে আরেক ইংলিশ ক্লাব লিভারপুলের মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নরা।
ইতিহাদ স্টেডিয়ামে প্রথম লেগে সাত গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ৪-৩ গোলে জিতেছিল সিটি। ব্যবধান বড় না হওয়ায় রিয়ালের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা তাই ছিলই।
যদিও প্রথম ৮৯ মিনিটে স্বাগতিকদের কোনো শট ছিল না লক্ষ্যে। এরপরই তাদের দুর্দান্ত ফেরা। সব মিলিয়ে ম্যাচে গোলের জন্য রিয়ালের ১৪ শটের ৫টি ছিল লক্ষ্যে। সিটির ১৫ শটের ১০টি লক্ষ্যে। তবু তাদের মাঠ ছাড়তে হলো হারের বেদনা সঙ্গী করে।
একাত্তর/এসি