মালয়েশিয়াকে গোলবন্যায় ভাসালো বাংলার মেয়েরা

দাপট দেখিয়ে প্রীতি ম্যাচে মালয়েশিয়াকে রীতিমতো গোলবন্যায় ভাসালো বাংলার মেয়েরা।

বৃহস্পতিবার (২৩ জুন) কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ৬-০ গোলে জিতেছে সাবিনারা। 

দীর্ঘ ৯ মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে মালয়েশিয়াকে চূর্ণবিচূর্ণ করে দিলো আঁখি, স্বপ্না, কৃষ্ণা, মনিকা, সাবিনাদের দল। 

ফিফা প্রীতি ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। মারিয়া মান্ডার কর্নার থেকে গোল করেন আঁখি খাতুন। ২৬ মিনিটে সিরাত জাহান স্বপ্নার ক্রস থেকে দ্বিতীয় গোলটি করেন অধিনায়ক সাবিনা খাতুন।

ম্যাচের ৩০ মিনিটে সাবিনার ক্রস থেকে আঁখি খাতুন ডান পায়ের টোকায় নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন। প্রথমার্ধের শেষ গোলটি করেছেন সিরাত জাহান স্বপ্না। সাবিনার বাড়িয়ে দেওয়া বলটা আলতো ছোঁয়ায় জালে পাঠিয়েছেন স্বপ্না।

বিরতির পর ফিরে অবশ্য বাংলাদেশের গোল পেতে সময় লেগেছে বেশ। ৬৭তম মিনিটে মালয়েশিয় মেয়েরা বাংলাদেশের একটি প্রচেষ্টা প্রতিহত করেছিল। কিন্তু তাদের ডিফেন্ডাররা এলোমেলো ছিল। আর সেই সুযোগ নিয়ে সহজে ৫-০ করেন মনিকা চাকমা।

ম্যাচের ৭৪ মিনিটে সতীর্থের ক্রস থেকে দুর্দান্ত হেডে দলের ষষ্ঠ গোল করেন কৃষ্ণা রাণী সরকার।

উল্লেখ্য, ফিফা র‍্যাংকিংয়ে মালয়েশিয়ার অবস্থান ৮৫ আর বাংলাদেশের অবস্থান ১৪৫। র‍্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে তার এগিয়ে ৬১ ধাপ। 


একাত্তর/জো