রিজওয়ানের লড়িয়ে মনোভাবের বন্দনায় ভারত

ক্রিকেটের মাঠে ভারত-পাকিস্তান দ্বৈরথের ফলাফল যাই হোক কেন, এর রেশ থাকে অনেকটা সময় ধরেই। এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিশাল রান তাড়া করে বাবরদের নাটকীয় জয় নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষক। তবে সবাইকে ছাপিয়ে আলোচনায় রিজওয়ান। 

চোট নিয়ে খেলার পরও রিজওয়ানের ব্যাটের ওপরই রচিত হয় পাকিস্তানের জয়ের ভীত। তাই ভারতের গণমাধ্যমেও এখন চলছে রিজওয়ান বন্দনা। অন্যদিকে জয়ের পরেও চোট আতঙ্কে ঘুম নেই পাকিস্তানের। ম্যাচ শেষে রিজওয়ানকে আবার নেয়া হয়েছে হাসপাতালে। 

রোববার রাতে ভারতের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিংয়ের সময়ই উইকেটের পেছনে দাঁড়িয়ে চোট পেয়েছিলেন মোহম্মদ রিজওয়ান। প্রথমে দেখে মনে হয়েছিলো, তিনি আর হয়তো খেলতে পারবেন না ম্যাচের বাকি অংশে। সেই রিজওয়ানই খেললেন ম্যাচ জেতানো ইনিংস।

ওপেনার রিজওয়ানের করা ৫১ বলে ৭১ রানের ইনিংসের উপর ভর করেই ভারতকে হারিয়েছে পাকিস্তান। চোট নিয়েও কী ভাবে এই ইনিংস খেললেন পাকিস্তানের উইকেটরক্ষক। রিজওয়ান জানালেন, তার কাছে এটাই ছিলো ফাইনাল।

ম্যাচ শেষে মুখে জয়ে হাসি নিয়ে রিজওয়ান আরও বলেন, গোটা বিশ্ব খেলা দেখছিল। ভারতের বিরুদ্ধে এই ম্যাচ ফাইনালের থেকে কোনও অংশে কম ছিলো না। আমার কাছেও সেটাই ছিল। সবাই নিজের শতভাগ উজাড় করে দেওয়ার চেষ্টা করেছে।


ভারত ব্যাট করার সময় মোহম্মদ হাসনাইনের করা একটি বাউন্সার ধরতে গিয়ে চোট পান রিজওয়ান। লাফিয়ে উঠে মাটিতে পড়ার সময় তার ডান পা মচকে যায়। সঙ্গে সঙ্গে যন্ত্রণায় মাটিতে পড়ে কাতরাতে থাকেন রিজওয়ান।

আরও পড়ুন: মুশফিকের অবসরে সতীর্থরা আবেগাপ্লুত

প্রাথমিক চিকিৎসার পরে রিজওয়ান খেলা শুরু করলেও দেখে মনে হচ্ছিলো, দৌড়তে সমস্যা হচ্ছে তাঁর। ব্যাট করার সময়ও দৌড়তে সমস্যা হচ্ছিলো রিজওয়ানের। কিন্তু লড়াই ছাড়েননি তিনি। শেষ পর্যন্ত তিনিই খেললেন ম্যাচ জেতানো ইনিংস। 


একাত্তর/এসি