এশিয়া কাপ ক্রিকেটে শ্রীলঙ্কার ফাইনাল খেলা অনেকটাই নিশ্চিত। ভারতকে ছয় উইকেটে হারিয়ে সবার আগে ফাইনালে পৌঁছে গেছেন তারা।
সেই সঙ্গে ধূলিসাৎ হয়ে গেছে আসরে তৃতীয়বার ভারত-পাকিস্তান মোকাবেলার সম্ভাবনা। তবে ফাইনালে শ্রীলঙ্কার প্রতিপক্ষ কে হচ্ছে তা কিন্তু এখনো অনিশ্চিত।
বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে ফেলতে নামছে পাকিস্তান-আফগানিস্তান। দুই দলের ম্যাচ হলেও এর ফলের দিকে তাকিয়ে আছে রোহিতের ভারত। কারণ ফাইনালে খেলার কঠিন এক সম্ভাবনার জন্য।
মঙ্গলবারের পর চার পয়েন্ট নিয়ে শীর্ষে শ্রীলঙ্কা। দ্বিতীয় স্থানের পাকিস্তানের সংগ্রহ দুই পয়েন্ট। ভারত ও আফগানিস্তানের ঝুলিতে কোনো পয়েন্ট নেই।
এই অবস্থা থেকেও ফাইনালে উঠতে পারে ভারত। সেক্ষেত্রে বুধবার রাতে পাকিস্তানকে হারতেই হবে আফগানিস্তানের কাছে। তাতেও শেষ রক্ষা হবে না।
সেক্ষেত্রে শ্রীলঙ্কাকে তাদের শেষ ম্যাচেও জিততে হবে পাকিস্তানের বিরুদ্ধে। তা হলেই এক মাত্র রোহিতদের কপালে শিকে ছিঁড়তে পারে।
পাকিস্তান যদি বাকি দুই ম্যাচ হারে, আর আফগানিস্তানের বিরুদ্ধে ভারত জিতলে পাকিস্তান, আফগানিস্তান এবং ভারত- এই তিন দলের পয়েন্টই হবে দুই।
আরও পড়ুন: ভারতকে ছয় উইকেটে হারিয়ে ফাইনালের পথে শ্রীলঙ্কা
তখন দেখা হবে নেট রান রেট। আফগানিস্তানের মতোই ভারতের সংগ্রহে পয়েন্ট না থাকলেও নেট রান রেটে এগিয়ে রয়েছে ভারত। আফগানদের বড় ব্যবধানে হারালে সেটি আরও বাড়বে।
অন্যদিকে, পাকিস্তান বাকি দু’টি ম্যাচই হারলে বাবর আজমদের নেট রান রেট খারাপ হবে। এক মাত্র তখনই নেট রান রেটের বিচারে ফাইনাল খেলার ছাড়পত্র পাবেন রোহিতরা।
একাত্তর/আরএ