চ্যাম্পিয়ন মেয়েদের অভ্যর্থনায় প্রস্তুত হচ্ছে ছাদখোলা বাস। চ্যাম্পিয়নদের বহনকারী বাসটি বিমানবন্দর-বিজয় সরণি-ফকিরাপুল হয়ে পৌঁছবে বাফুফে ভবন।
সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ দল কাঠমান্ডু থেকে ঢাকায় ফিরছে বুধবার। বেলা ২টার দিকে ঢাকায় নামবে ইতিহাস সৃষ্টি করা এই ফুটবল দল।
শ্রেষ্ঠত্বের মুকুট নিয়ে ঘরে ফিরবে বাংলার মেয়েরা। তাদের ইচ্ছে পূরণের জোর প্রস্তুতি দেশে। বাসের ছাদ কাটা সারা। সাবিনা-সানজিদাদের আনন্দ যাত্রার অপেক্ষা।
ছাদখোলা এই বাসে চড়েই শহর ঘুরবে সাফের চ্যাম্পিয়নরা। হিমালয় চূড়ায় ইতিহাস লিখেছেন বাংলার মেয়েরা। দেশের মানুষকে দেওয়া কথা রেখেছে তারা।
অধরা সাফের শিরোপা জিতে স্বপ্ন পূরণ করেছেন সবিনা-সানজিদারা। এবার তাদের একটি ছোট্ট স্বপ্ন পূরণ হওয়ার পালা। ছাদখোলা বাসেই বিমানবন্দর থেকে চ্যাম্পিয়ন যাত্রা করবে নারী দল।
ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, সানজিদা ফেসবুকে লিখেছেন, তারা বিজয়ী হলে হয়তো ছাদখোলা বাসে তাদের ট্রফি নিয়ে আসা হবে না। তার সে আক্ষেপ অন্তরে ব্যথা লেগেছে।
তাই প্রতিমন্ত্রীর অনুরোধে বাসের ছাদ কেটে আনন্দ যাত্রার ব্যবস্থা করা হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে বিআরটিসিরি কমলাপুর ডিপোতে দ্বিতল বাসের ছাদ কাটা শুরু হয়।
বাসটিকে সাজানো হবে উৎসবের আবহে, ওপরের ডেকের কয়েকটি আসন খুলে ফেলা হবে। কিছু আসন থাকবে। রাতেই বাসটি পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে।
ফুটবলাররা যেন দোতলায় দাঁড়িয়ে-বসে উদযাপন করে বিমানবন্দর থেকে আসতে পারেন সে ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডিপোর কর্মকর্তারা।
বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, নারী ফুটবল দল জাতিকে একটা বড় উপহার দিয়েছে। জাতি তাদের কাছে কৃতজ্ঞ। আমরা তাদের উদযাপনে সঙ্গী হতে পেরে গর্বিত।
আরও পড়ুন: কটুকথা শোনা কৃষ্ণার পরিবার এখন বুক ফুলিয়ে আনন্দে
চ্যাম্পিয়নদের বহনকারী বাসটি বিমানবন্দর-কাকলী-জাহাঙ্গীর গেট-পিএম অফিস-বিজয় সরণী- ফকিরাপুল হয়ে পৌঁছবে বাফুফে ভবনে।
বাফুফের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ২১ সেপ্টেম্বর দুপুর ১২টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে নেপাল থেকে ঢাকায় অবতরণ করবেন সাবিনারা।
একাত্তর/আরএ