সাত নম্বরে ব্যাটিং, যে ব্যাখ্যা দিলেন সাকিব

বাংলাদেশের ছেলেদের ক্রিকেট দলে অভিজ্ঞতার দিক দিয়ে এগিয়ে আছেন সাকিব আল হাসান। আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলার টপ অর্ডার যখন চোখে শর্ষে ফুল দেখছে তখনও ক্রিজে দেখা নেই বিশ্বসেরা এই অলরাউন্ডারের। তবে তিনি এলেন সাত নম্বরে ব্যাট করতে।

ইতিমধ্যে তার এই সাতে ব্যাট করতে নামায় ক্রিকেট অঙ্গনসহ পাড়া-মহল্লায়ও আলোচনা শুরু হয়েছে। সবার প্রশ্ন একটাই, কেন সাকিব এতো দেরিতে এলেন?

অবশ্য ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এই প্রশ্নের উত্তর দিয়েছেন সাকিব। তিনি বলেন, আমার আরও উপরের দিকে ব্যাট করার কথা ছিল, কিন্তু দুই স্পিনার বোলিং করছিল এবং আমরা ডানহাতি ও বাঁহাতি সমন্বয় চেয়েছিলাম।

হারের ব্যাখ্যা দিয়ে সাকিব বলেন, আমার মনে হয় ব্যবহৃত উইকেটে তাদের (নিউজিল্যান্ড) স্পিনাররা ভালো বল করেছে। আমরা ভালো সূচনা করেছি, কিছু বড়ো শট খেলার চেষ্টা করেছি। তবে মাঝখানে কয়েকটি উইকেট হারিয়ে ফেলি এবং এরপর আর কখনও মোমেন্টাম ফিরে পাইনি। সেরা চার ব্যাটারের মধ্যে অন্তত দুই জনকে ১৫-১৬ ওভার পর্যন্ত খেলতে হবে।

আরও পড়ুন: বিদ্যুৎ বিপর্যয় কি বারবার হবে?

সাকিব বলেন, বোলাররা উভয় ম্যাচেই ভালো করেছে এবং ফিল্ডিংও ভালো হয়েছে, এগুলোই ইতিবাচক দিক। যদিও আমাদের ব্যাটিংয়ে কাজ করতে হবে। আপনি যখন খেলা হারছেন তখন শক্তির মাত্রা বেশি রাখা কঠিন, কিন্তু আমরা বিশ্বকাপে যাওয়ার আগে মোমেন্টাম পেতে চাই।


একাত্তর/এসি