ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।

তার স্ত্রী ইসরাত জাহান মাসিক ভরণপোষণ ও সন্তানদের পড়ালেখার খরচের দাবি করে যে মামলা দায়ের করেছেন, সেই মামলার শুনানি শেষে আদলত এই আদেশ দেয়।

বাদীপক্ষের আইনজীবী শামসুজ্জামান জানান, এদিন আদালতে উপস্থিত হবার কথা ছিল আল-আমিনের। কিন্তু হাজির হতে পারেননি তিনি। ফলে তার আইনজীবী সময়ের আবেদন করেন।

অপরদিকে আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে আল-আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

এর আগে গত ৬ অক্টোবর আদালতে উপস্থিত হন আসামি আল-আমিন। এরপর আইনজীবীর মাধ্যমে লিখিত জবাব দাখিল করেন।

সেখানে উল্লেখ করা হয়, গত ২৫ আগস্ট স্ত্রীকে তালাক দিয়েছেন তিনি। তবে এ সংক্রান্ত কোনো কাগজ পাননি বলে জানান স্ত্রী ইসরাত। সেই সঙ্গে ন্যায়বিচার কামনা করেন তিনি।

গত ২৭ সেপ্টেম্বর ঢাকার মহানগর হাকিম শফি উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আল-আমিন। শুনানি শেষে পাঁ ৬ অক্টোবর পর্যন্ত তাকে জামিন দেয় আদালত।

আরও পড়ুন: অনলাইন জুয়ার ৩৩১টি সাইট বন্ধ করলো বিটিআরসি

যৌতুকের জন্য মারধর করার অভিযোগ এবং ভরণপোষণ চেয়ে ৭ সেপ্টেম্বর আল আমিনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা করেন তার স্ত্রী ইসরাত জাহান।

মামলায় দাবি করা হয়েছে, আল আমিনের সঙ্গে বিয়ে হয় ২০১২ সালে। পরে তাদের দুই সন্তান হয়। গত ২৫ আগস্ট আল আমিন স্ত্রী ইসরাতের কাছে ২০ লাখ টাকা যৌতুক চান।

টাকা না দেওয়ায় পরে মারধর করেন আল আমিন বলে মামলায় অভিযোগ আনা হয়। পরে ইসরাত বাদী হয়ে ২ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় আলাদা মামলা করেন।

 

একাত্তর/আরবিএস