জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারতীয় নারীরা। আগামী ২০ সেপ্টেম্বর ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের মুখোমুখি হবে তারা।
টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে বাউন্সি পিচের সুবিধা দারুণভাবে কাজে লাগায় ভারত। স্বাগতিক জাপান অলআউট হওয়ার আগে ১৯.৫ ওভার পর্যন্ত টিকে থাকার আপ্রাণ চেষ্টা দেখালেও রানের খাতায় মাত্র ৫৭ রান যোগ করতে সক্ষম হয়।
উদ্বোধনী জুটিতে হারুনা ইওয়াসাকি ও আয়াকা কাতো ২৪ রান তুলে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন। তবে ৪৭ বলে ২৫ রান করা কাতো-স্ট্যাফোর্ড ও ইওয়াসাকির (১০) বিদায়ের পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে জাপানের ব্যাটিং লাইনআপ। মাত্র ৩৩ রানের ব্যবধানে শেষের ৮টি উইকেট হারায় তারা।
ভারতের বোলিং আক্রমণের নেতৃত্ব দেন দুর্দান্ত ফর্মে থাকা শ্রী চারানি। ৪ ওভারে মাত্র ১০ রান খরচায় ৪টি শিকার বানায় এই স্পিনার। সপ্তম ওভারে টানা দুই বলে দুই উইকেট তুলে নিলেও শেষ পর্যন্ত হ্যাটট্রিকটি মিস করেন তিনি। চোট কাটিয়ে তিন মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা শ্রেয়াঙ্কা পাতিল ৮ রানে ১টি এবং শেফালি ভার্মা ১৩ রানে ২ উইকেট নেন।
৫৮ রানের অতিসহজ লক্ষ্য তাড়া করতে নেমে একাই ম্যাচ শেষ করে দেন শেফালি ভার্মা। প্রথম ওভার থেকেই জাপানি বোলারদের ওপর ছড়ি ঘুরিয়ে চারের বন্যা বইয়ে দেন তিনি। যদিও জি কামালিনি ও ভারতী ফুলমালি দ্রুত বিদায় নেন, তবে শেফালির তাণ্ডব থামানো যায়নি।
লং-অনের ওপর দিয়ে এক দৃষ্টিনন্দন ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করেন শেফালি। মাত্র ১৫ বলে ৪০ রানের টর্নেডো ইনিংসে তিনি অপরাজিত থাকেন, যা সাজানো ছিল ৬টি চার ও ২টি ছক্কায়। ফলে ১৫ ওভার হাতে রেখেই অনায়াস জয় তুলে নেয় ভারত।
তথ্যসূত্র: এনডিটিভি
ভুল জাতীয় সঙ্গীতে স্তম্ভিত দক্ষিণ কোরীয় হকি দল
৩০ বলে অভিষেকের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড