দক্ষিণ আফ্রিকার বিদায়ে নতুন সুযোগ তৈরি হয় সাকিবদের। কিন্তু সে আশাও গুড়িয়ে দিলো পাকিস্তান। গ্রুপ ২ -এ ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিলো ভারত। আর ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে ছিলো দক্ষিণ আফ্রিকা।
ফলে সমান চার পয়েন্ট নিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের সামনে ছিলো দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে যাওয়ার সুযোগ। এ অবস্থায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ৮ উইকেট হারিয়ে ১২৭ রান করতে সক্ষম হয় সাকিবরা। জবাবে ১২৮ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে ৫ উইকেটে জয় পায় পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ১৮.১ ওভারে ১২৮/৫
বাংলাদেশ: ২০ ওভারে ১২৭/৮
বাংলাদেশের বিদায়, সেমিফাইনালে পাকিস্তান
নেদারল্যান্ডসের জন্ম দেয়া বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় অঘটন যেনো আশীর্বাদ হয়ে এলো পাকিস্তানের জন্য। সুযোগ ছিলো বাংলাদেশেরও।
দক্ষিণ আফ্রিকার হারে সেমিফাইনালের দৌড় থেকে প্রায় ছিটকে পড়া বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচটিই কার্যত পরিণত হলো কোয়ার্টার ফাইনালে —জিতলেই নিশ্চিত সেমিফাইনাল।
ব্যাটিংয়ে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। তবে ইনিংসের শেষভাগে পথ হারায় সাবিকরা।
সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের জুটিতে ৫৭ রান উঠলেও দু’জন মিলে খেলেছিলেন ৬৩ রান।
বাংলাদেশকে ছিটকে দিয়েছেন মূলত মোহাম্মদ হারিস। ১৮ বলে ৩১ রানের ইনিংস খেলার পথে নেওয়াজের সঙ্গে ২০ বলে ৩১ রানের পর শান মাসুদের সঙ্গে ১৪ বলে ২৯ রানের জুটি গড়েন হারিস।
পাকিস্তান জয় পেয়েছে ১১ বল বাকি থাকতে, ৫ উইকেটে।
এ হারে নেদারল্যান্ডসের নিচে থেকে বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশ। পরের ম্যাচে ভারতের বিপক্ষে অঘটন ঘটাতে পারলে অবশ্য জিম্বাবুয়ে টপকে যাবে এ দুই দলকেই।
মোস্তাফিজের বলে ইফতিখার আউট
মোস্তাফিজের বলে তুলে মেরেছিলেন ইফতিখার। যেদিকে চেয়েছিলেন, পারেননি। খাড়া ওপরে উঠেছিল বল, ব্যাকওয়ার্ড পয়েন্টে ভালো ক্যাচ নিয়েছেন নাজমুল।
হারিস আউট
সাকিবের বলে লেগ স্টাম্পের দিকে সরে গিয়ে জায়গা বানানোর পর চার মেরেছেন শান মাসুদ। এরপর ফুললেংথের বলে টেনে মেরেছেন আরেকটি। পঞ্চম বলে সামনে এসে খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন হারিস, ব্যাকওয়ার্ড পয়েন্টে নাসুমের হাতে।
হারিস ফিরেছেন ১৮ বলে ৩১ রানের ইনিংস খেলে।
লিটনের থ্রোতে রানআউট নাওয়াজ
বাংলাদেশকে আরেকটি উইকেট এনে দিলেন লিটন দাস। তার সরাসরি থ্রোতে বিদায় নিলেন মোহাম্মদ নাওয়াজ।
অফ সাইডে ঠেলেই সিঙ্গেলের জন্য দৌড় দেন নাওয়াজ। শর্ট কাভার থেকে নন-স্ট্রাইক প্রান্তে সরাসরি থ্রোতে স্টাম্প ভেঙে দেন লিটন। রিপ্লেতে দেখা যায়, তখনও দাগের ভেতর ঢুকতে পারেননি নাওয়াজ।
১১ বলে ৪ রান করেন নাওয়াজ।
রিজওয়ানকে ফেরালেন ইবাদত
অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট ছুঁড়েছিলেন রিজওয়ান, পয়েন্টে ভালো ক্যাচ নিয়েছেন নাজমুল। ৫ বলের মধ্যে ২ উইকেট পেল বাংলাদেশ।
বাবরকে ফিরিয়ে নাসুমের ব্রেকথ্রু
১১তম ওভারে জুটি ভাঙলেন নাসুম। অফ স্টাম্পের বাইরে সরে গিয়ে স্লগ করতে গিয়েছিলেন বাবর, তবে লিডিং এজে ক্যাচ গেছে শর্ট থার্ডে। সেখানে ভুল করেননি মোস্তাফিজুর রহমান।
উইকেটের খোঁজে বাংলাদেশ
প্রথম ওভারে সহজ সুযোগ দিয়ে বেঁচে গিয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। এরপর থেকে আর কোনো ধরনের সুযোগই তৈরি করতে পারেনি বাংলাদেশ। উইকেটের খোঁজে এখন মরিয়া সাকিবরা।
দেখেশুনে খেলে পাকিস্তানকে লক্ষ্যের দিকে এগিয়ে নিচ্ছেন রিজওয়ান ও বাবর আজম। ১০ ওভার শেষে তাদের রান কোনো উইকেট না হারিয়ে ৫৬।
রিজওয়ানের ক্যাচ ছাড়লেন নুরুল, পরের বলেই ছক্কা
পাকিস্তানের ইনিংসের তৃতীয় বলে ক্যাচ তুলেছিলেন পাকিস্তান ওপেনার রিজওয়ান। ক্যাচটি ফেলে দেন বাংলাদেশের উইকেটককিপার নুরুল হাসান। বোলার তাসকিন আহমেদ। পরের বলেই ছক্কা মেরে রানের খাতা খোলেন রিজওয়ান।
১২৭ রানে আটকে গেলো বাংলাদেশ
টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে ১২৭ রান করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১২৮।
লিটন শুরুতে ফিরলেও নাজমুল ও সৌম্যর জুটিতে ভালোই করছিলো বাংলাদেশ। তবে, শাদাব খানকে রিভার্স সুইপ করতে গিয়ে এরপর ক্যাচ দেন সৌম্য, ঠিক পরের বলেই আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে ফিরতে হয় সাকিবকে।
অ্যাডিলেডে বাংলাদেশ পথ হারায় এরপর। শেষ ৯.৩ ওভারে ৫৩ রান তুলতেই ৭ উইকেট হারায় বাংলাদেশ। শাদাবের পর বাংলাদেশের বড় ক্ষতিটা করেন শাহিন শাহ আফ্রিদি, ২২ রানে ৪ উইকেট নেন এ পেসার।
হারিস রউফের করা শেষ ওভারে আফিফের পর চার মেরেছেন নাসুম আহমেদ। তবে পঞ্চম বলে ফ্লিক করতে গিয়ে মিড উইকেটে ওয়াসিমের হাতে ধরা পড়েছেন নাসুম।
ফিরলেন তাসকিন
আগের ওভারে জোড়া শিকার ধরা শাহিন শাহ আফ্রিদি এবার ফিরিয়ে দিলেন তাসকিন আহমেদকে।
অফ স্টাম্পের বাইরে ফুল লেংথ বলটি মিড-অফ ফিল্ডারের মাথার ওপর দিয়ে মারতে চেয়েছিলেন তাসকিন। কিন্তু যতটা চেয়েছিলেন বল ততটা ওড়াতে পারেননি তিনি। মিড-অফেই সহজ ক্যাচ নেন বাবর আজম।
৫ বলে ১ রান করে ফেরেন তাসকিন।
নুরুলও আউট
তুলে মারতে গিয়েছিলেন নুরুল, তবে লেংথ ছিলো না অমন। কাভারে ধরা পড়েছেন কোনো রান না করেই।
মোসাদ্দেক বোল্ড
আফ্রিদির রাউন্ড দ্য উইকেট থেকে ভেতরের দিকে ঢোকা ফুললেংথের বল। মোসাদ্দেকের কাছে কোনো জবাবই ছিল না সেটির। ১০ বলে ৫ রান করে ফিরেছেন মোসাদ্দেক।
জীবন পেলেন আফিফ, বাংলাদেশের ১০০
নন স্ট্রাইক প্রান্তে রানআউটের হাত থেকে বেঁচে গেলেন আফিফ। ওয়াসিম স্টাম্প ভেঙেছিলেন, তবে এর আগেই হাত থেকে বেরিয়ে যায় বল।
১৬তম ওভারের প্রথম বলে নাসিমকে চার মেরেছেন আফিফ, বাংলাদেশের ১০০ পূর্ণ হয়েছে তাতে।
শান্ত বোল্ড
ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলতে চেয়েছিলেন নাজমুল, তবে ইফতিখারের লেংথ ছিল শর্ট। বলের নাগাল না পেয়ে বোল্ড হন নাজমুল।
শান্তর ফিফটি
জিম্বাবুয়ের পর এবার পাকিস্তানের বিপক্ষে ফিফটি পেলেন নাজমুল। শাদাবের বলে সিঙ্গেল নিয়ে মাইলফলকে গেছেন বাংলাদেশ ওপেনার।
৪ ওভার শেষ করেছেন শাদাব, ৩০ রানে নিয়েছেন ২ উইকেট।
বিতর্কিত সিদ্ধান্তে ফিরলেন সাকিব
সামনে এসে খেলতে গিয়েছিলেন সাকিব। শাদাবের ফুললেংথের বলে বাংলাদেশ অধিনায়ককে এলবিডব্লু দিয়েছেন আড্রিয়ান হোল্ডস্টক। সেটিও বেশ খানিকটা সময় নিয়ে। সাকিব রিভিউ করেছিলেন সঙ্গে সঙ্গেই।
সাকিবের বুটে বল লাগার আগে আল্ট্রা এজে স্পাইক ছিল। তবে টেলিভিশন আম্পায়ার ল্যাংটন রুসেরে বলেছেন, সে স্পাইক ব্যাট মাটিতে লাগার কারণে। যে ফ্রেমে স্পাইক প্রথম দেখা গেছে, বল তখনো ব্যাটের পাশে যায়নি বলে সিদ্ধান্ত তার। ইমপ্যাক্টও ছিল ৩ মিটারের বাইরে।
ফিরতে গিয়ে আবার আম্পায়ারের কাছে ফিরে আলোচনা করেছেন সাকিব। তবে ফিরতেই হয়েছে তাকে।
সৌম্যর আউটে জুটি ভাঙলো
দুই বাঁহাতির বিপক্ষে টানা তৃতীয় ওভার করতে এসে সফল হলেন শাদাব খান। তাকে রিভার্স সুইপের অপশন বেছে নিয়েছিলেন সৌম্য, পয়েন্টে থাকা শান মাসুদের হাতে ধরা পড়েছেন।
৫২ রানের জুটি ভেঙেছে তাতে, সৌম্য ফিরেছেন ১৭ বলে ২০ রান করে।
পাওয়ারপ্লেতে ৪০, দলীয় ৫০
লিটনের উইকেট, নাজমুলের জীবন, সৌম্যর টাইমিংয়ের আভাস—পাওয়ারপ্লের হাইলাইটস। নাজমুল টিকে আছেন ২০ বলে ২১ রান করে।
পাওয়ারপ্লেতে বোলিং করেছেন পাকিস্তানের চার পেসারই। প্রথম ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৪০ রান তুলেছে বাংলাদেশ। দলীয় রান বর্তমানে ৫০।
নাজমুলের নতুন জীবন
ইন অ্যান্ড আউট! জীবন পেলেন নাজমুল হোসেন। চতুর্থ ওভার করতে আসা মোহাম্মদ ওয়াসিমের বলে পাঞ্চ করেছিলেন নাজমুল। শর্ট এক্সট্রা কাভারে সামনে ঝুঁকে বলের নাগাল পেয়েছিলেন শাদাব খান। তবে পাকিস্তানের সেরা ফিল্ডারের হাত থেকে বেরিয়ে গেছে বল। নাজমুল বেঁচে গেছেন ১১ রানে!
ছক্কা মেরেই ফিরলেন লিটন
শাহিন শাহ আফ্রিদির শর্ট বল। ক্রিজ ছেড়ে একটু বাড়িয়ে লিটনের দুর্দান্ত টাইমিংয়ের পুল। মিডউইকেটের ওপর দিয়ে ছক্কা। ওভারের দ্বিতীয় বলে সেটি মেরেছিলেন লিটন। তবে পঞ্চম বলে গিয়ে কাট করতে গিয়ে বিপদ ডেকে আনলেন লিটন। সরাসরি ক্যাচ গেছে ব্যাকওয়ার্ড পয়েন্টের হাতে।
৬ বলে এক ছক্কায় ১০ রান করেন লিটন।
৩ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ২১। ক্রিজে নাজমুল হোসেন শান্তর সঙ্গী সৌম্য সরকার।
ভারতের বিপক্ষে হেরে যাওয়া দলে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার। প্রথমবারের মতো চলতি আসরে খেলছেন নাসুম আহমেদ ও ইবাদত হোসেন।
বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, লিটন দাস, সৌম্য সরকার, নাসুম আহমেদ, ইবাদত হোসেন, নাজমুল হোসেন শান্ত।
পাকিস্তান একাদশ
বাবর আজম (ক্যাপ্টেন), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), শান মাসুদ, মহম্মদ হ্যারিস, ইফতিকার আহমেদ, শাদব খান, মহম্মদ নওয়াজ, মহম্মদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ ও নাসিম শাম।
একাত্তর/আরএ