আইপিএলে গেইলের রেকর্ডে ভাগ বসালেন বিরাট

একেই বলে শেষ ভালো যার, সব ভালো তার। শুরুর দিকে আইপিএল আসরে ধুকতে থাকলেও শেষ বেলায় এসে ঠিক বাজিমাৎ করলো বিরাট কোহলির দল ব্যাঙ্গালুরু চ্যালেঞ্জার্স। সানরাইজার্স হায়দ্রাবাদকে ৮ উইকেটে হারিয়ে প্লে-অফের দৌঁড়ে ভালোভাবেই টিকে থাকলো বিরাটরা। 

শুধু তাই নয়, সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে বিরাটের ব্যাটে এসেছে শতরান। রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রান তাড়া করতে নেমে নিজের আইপিএল কেরিয়ারের ষষ্ঠ শতরানটি পেলেন বিরাট। এই সেঞ্চুরির মাধ্যমে আইপিএলের মঞ্চে বড় নজিরও গড়েছেন কিং কোহলি।

টস জিতে প্রথমে বোলিং করতে নামে ব্যাঙ্গালুরু। টপ-অর্ডারদের ব্যর্থতার পর দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেনের সেঞ্চুরিতে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৬ রানের বড় সংগ্রহ পায় হায়দ্রাবাদ। ৮টি চার ও ৬টি ছক্কায় ৫১ বলে ১০৪ রান করেন ক্লাসেন। 

জবাবে ১০৭ বলে ১৭২ রানের উড়ন্ত সূচনা করেন ব্যাঙ্গালুরুর দুই ওপেনার কোহলি ও ফাফ ডু প্লেসিস। ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করে ১২টি চার ও ৪টি ছক্কায় ৬৩ বলে ১০০ রানে থামেন কোহলি। এবারের আইপিএলে প্রথম ও ব্যাঙ্গালুরুর হয়ে ষষ্ঠ সেঞ্চুরি করেন কোহলি।

আইপিএলে সর্বোচ্চ শতরানকারী ক্রিকেটার হিসেবে ক্রিস গেইলের সাথে একই আসনে বসলেন বিরাট। এতদিন পর্যন্ত সর্বোচ্চ সেঞ্চুরির মালিক ছিলেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল। ১৪২ ম্যাচ খেলে ছয় সেঞ্চুরি করেছিলেন তিনি। গেইলের রেকর্ডে এবার ভাগ বসালেন বিরাট। 


২৩৬ ম্যাচে বিরাটের সেঞ্চুরিও দাঁড়ালো ছয়। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন জস বাটলার। তিনি এখনও পর্যন্ত ৯৫ ম্যাচ খেলেছেন। সেঞ্চুরি করেছেন পাঁচটি। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ স্থানে যথাক্রমে লোকেশ রাহুল, ডেভিড ওয়ার্নার এবং শেন ওয়াটসন। সবার আছে চারটি করে শতক।

বিরাটের রেকর্ডের পাশাপাশি আরসিবি বনাম সানরাইজার্স ম্যাচে আরও এক বিরল নজির তৈরি হয়েছে। আইপিএলের ইতিহাসে যা প্রথমবার। আইপিএলে একই ম্যাচে জোড়া শতরানের ঘটনা প্রথম নয়। ২০১৬ সালে গুজরাট লায়ন্সের বিরুদ্ধে আরসিবির হয়ে শতরান করেন বিরাট কোহলি (১০৯) ও এবি ডি'ভিলিয়র্স (১২৯)। পরে ২০১৯ সালে আরসিবির বিরুদ্ধে শতরান করেন সানরাইজার্স হায়দ্রাবাদের জনি বেয়ারস্টো (১১৪) ও ডেভিড ওয়ার্নার (১০০)।

তবে দু'বারই জোড়া সেঞ্চুরি এসেছিল একই দল থেকে। আইপিএলে এই প্রথম একই ম্যাচে শতরান করলেন দুই দলের দুই ক্রিকেটার। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে বৃহস্পতিবার ৫১ বলে ১০৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকার তারকা হেনরিখ ক্লাসেন। ৮টি বাউন্ডারি এবং ৬টি ওভার বাউন্ডারির মাধ্যমে ক্লাসেন তাঁর সেঞ্চুরি সাজান।

দ্বিতীয় দফায় ব্যাট করতে নেমে আরসিবির হয়ে ৬৩ বলে ১০০ রান করেন বিরাট কোহলি। ১২ টি বাউন্ডারি এবং ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬২ বলে সেঞ্চুরি করেন বিরাট।


একাত্তর/এসজে