টেস্টে শান্তর তৃতীয় সেঞ্চুরি, দেশের মাটিতে প্রথম

আফগানদের বিপক্ষে শান্তর ব্যাট চালানোর মেজাজ থেকে দেখে মনে হচ্ছিলো তিনি যেন ওয়ানডে খেলছেন! হাফ সেঞ্চুরি করতে এই বামহাতি ব্যাটার খরচ করেন মাত্র ৫৮ বল। এর মধ্যে সীমানার ওপারে বল পাঠিয়েছেন ১০ বার। 

কিন্তু এরপর শান্ত হচ্ছিলো না শান্তর ব্যাট। তার নামের পাশে যখন ৯৬ রান, ততক্ষণে বল খেলেছেন ১০৪টি। তবে বাকি কাঙ্খিত লক্ষে পৌঁছে বেশ ঘাম ঝড়িয়েছেন তিনি। সেঞ্চুরি থেকে দূরে থাকা মাত্র চার রান করতে খেলতে হয়েছে আরও ১৪টি বল। এরপরই কাঙ্খিত সেই উদযাপন। মিরপুরে শান্তর ব্যাটে যেন মাথা উঁচু করেই দাঁড়ালো বাংলাদেশ।

এর আগে ২০২১ সালে পাল্লেকেলেতে শ্রীলঙ্কা ও হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করেন শান্ত। 


এদিকে তাকে খুব ভালোভাবে সঙ্গ দিয়ে যাচ্ছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। প্রায় এক বছর মাঠে ফিরে আরেকটি ফিফটির দেখা পেয়েছেন ডানহাতি ওপেনার। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দারুণ ব্যাটিংয়ে ১০২ বলে হাফ সেঞ্চুরি করলেন তিনি। আগের আট টেস্টে এক সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি করেছিলেন জয়।

প্রথম সেশনে এক উইকেট হারিয়ে খানিকটা চাপে থাকা বাংলাদেশ এখন বেশ ভালো অবস্থানে। জয়-শান্তে ভর করে মধ্যাহ্ন বিরতির পর এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ এক উইকেটে ২০৮ রান। তার মধ্যে জয় ৭০ ও শান্ত ১১৭ রানে ব্যাট করছেন। এই জুটির এখন পর্যন্ত সংগ্রহ ২০৩ রান।


একাত্তর/এসি