ভারতকে হারিয়েই টি২০ সিরিজ শেষ টাইগ্রেসদের

এবার আর তীরে এসে তরী ডোবালো না বাংলার মেয়েরা। শেষ টি২০-তে শক্তিশালী ভারতকে হারিয়ে সিরিজ শেষ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথমে ব্যাট করে ১০২ রান করে ভারত। জবাবে শামীরার ৪২ রানে ১০ বল আগেই জয় নিশ্চিত হয় টাইগ্রেসদের।

হোম অফ ক্রিকেটে ভিরাট কোহলিদের হারিয়েই যেনো উচ্ছাসে ভাসছে বাংলার মেয়েরা, কথাটা শুনে খুব স্বাভাবিক খটকা আর ধাক্কা লাগাটা। কিন্তু সত্যি শুনলে আপনিও অবাক না হয়ে পারবেন না। কোহলি-রোহিত শর্মারা যে ম্যাচ ফিতে জাতীয় দলে খেলেন দেশটার কেন্দ্রীয় চুক্তিতে থাকা নারী ক্রিকেটাররাও কিন্তু সেই একই ম্যাচ ফিতে মাঠ মাতান। মর্যাদা, শক্তি আর সামর্থ্যে যোজন যোজন এগিয়ে থাকা সেই দলটাকে হারানো তো আর চারটে খানে কথা না।

২০১৮ এশিয়া কাপের পর পাঁচ বছরের আক্ষেপ আর অপেক্ষা। জেতা ম্যাচটাও বেহাত হয়েছে বহুবার। আগের ম্যাচটায়ও অল্পের জন্য বাংলার বাঘিনিদের থাবা থেকে বেঁচেছে অতিথি মেয়েরা। তাই শেষ ম্যাচে বড় জয়ের উৎসবে কিছুটা হলেও ভাটা।

১১ বছর পর মিরপুরের হোম অফ ক্রিকেটে খেলার সুযোগ মিলেছে নারী ক্রিকেট দলের। আনন্দের সঙ্গে আক্ষেপটাও কম নয়। ভারতের মত প্রতিপক্ষ, অথচ সিরিজের নেই কোন স্পন্সর। জায়ান্ট স্ক্রিন বন্ধ। সচল ইলেক্ট্রনিকস স্কোর্ড চালুতে কোথায় যেনো কার্পন্য। একগাদা অবহেলাকে সঙ্গী করেই জ্যোতিদের আলো ছড়ানোর প্রত্যয়।

টি-টোয়েন্টিতে বাংলার মেয়েরা ১৫ বারের দেখায় ভারতকে তিনবার হারিয়েছে। অথচ ওয়ানডেতে এখনও সেই স্বাদ অধরা থেকে গেছে। রোববার থেকে শুরু হওয়া ৫০ ওভারের সিরিজে ভারত এবার বাঘিনিদের টার্গেট।


একাত্তর/জো