লিভারপুল ছেড়ে সৌদি আরবের ক্লাব আল-ইত্তিফাকে যোগ দিলেন অধিনায়ক জর্ডান হেন্ডারসন। বুধবার তিনি ক্লাব সমর্থকদের বিদায় জানিয়েছেন।
৩৩ বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডার এর মাধ্যমে এ্যানফিল্ডের সাথে ১২ বছরের সম্পর্কের অবসান ঘটালেন। এই ক্লাবের হয়ে প্রায় সবকটি বড় শিরোপাই জয় করেছেন হেন্ডারসন।
সাবেক লিভারপুল সতীর্থ স্টিভেন জেরার্ডের সাথে সৌদি পেশাদার লিগে আবারও মিলিত হবেন হেন্ডারসন। আল-ইত্তিফাকের কোচ হিসেবে সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছেন জেরার্ড।
ইনস্টাগ্রাম পোস্টে হেন্ডারসন লিখেছেন, গত ১২ বছরের সময়গুলো ভাষায় প্রকাশ করা কঠিন। তার থেকেও কঠিন বিদায় বলা। আমি সবসময়ই রেড থাকবো। আমৃত্যু এই ক্লাবের হয়েই থাকবো।
গত ৩০ বছরের মধ্যে ২০২০ সালে প্রথমবারের মত ইংলিশ লিগের শিরোপা জয়ে হেন্ডারসন রেডসের নেতৃত্ব দিয়েছিলেন। এর আগের বছর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেছিল লিভারপুল।
৭ লাখ পাউন্ডের বিনিময়ে আল হিলালে যোগ দিয়েছেন হেন্ডারসন।
আরও পড়ুন: বিশ্বকাপে দলের মেন্টর হতে উচ্চাভিলাষ নেই মাশরাফীর
২০১১ সালে সান্ডারল্যান্ড থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন হেন্ডারসন। ২০১৫ সালে এ্যানফিল্ডের অধিনায়ক হিসেবে জেরার্ডের স্থলাভিষিক্ত হন তিনি।
একাত্তর/আরএ