প্রায় দুই মাস পর আবারো ফিরছে ইউরোপিয়ান ফুটবলের ধুন্ধুমার লড়াই। শুক্রবার ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে বার্নলির বিপক্ষে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ম্যাচ শুরু রাত ১টায়।
২০২২-২৩ সিজনটা স্বপ্নের মতোই কাটিয়েছে গার্দিওলা বাহিনী। টানা তিনবার লিগ শিরোপা, প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিতে ট্রেবল জয়ের স্বপ্নপূরণ। এবার লক্ষ্যটা আরো বড়, টানা চারবার লিগ শিরোপা জিতে ইতিহাস বদলাতে চায় সিটিজেনরা।
উদ্বোধনী ম্যাচে বার্নলির বিপক্ষে বড়সড় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে মরিয়া হালান্ড বাহিনী। অন্যদিকে জয় দিয়ে প্রথম ম্যাচটা রাঙাতে চায় বার্নলিও।
দুদলের ৯২ বারের দেখায় ৪৬ জয় ম্যানসিটির। অন্যদিকে মাত্র ২৬ ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে বার্নলি।
এদিকে মৌসুম শুরুর আগেই বড় দুঃসংবাদ পেলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। অনুশীলনের সময় হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় বড়সড় ইনজুরিতে পড়েছেন গোলরক্ষক থিবো কোর্তোয়া।
আরও পড়ুন: এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশের ক্যাপ্টেন সাকিব
এক বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক পরীক্ষায় কোর্তোয়ার বাঁ পায়ে এসিএল ইনজুরি ধরা পড়েছে। যার কারণে তার এমআরআই করানো হবে। রিপোর্ট গুরুতর হলে আগামী কয়েকদিনের ভেতর করানো হবে অস্ত্রোপচার।
তবে যদি অস্ত্রোপচার করানো হয়, এতে হয়ত পুরো মৌসুমই মাঠের বাইরে থাকতে পারেন তিনি। কোর্তোয়ার অনুপস্থিতিতে দলের দ্বিতীয় গোলরক্ষক আন্দ্রে লুনিন মুলকে দেখা যেতে পারে গোলবার সামলাতে।
একাত্তর/আরবি