পাকিস্তানের ৭৬তম স্বাধীনতা দিবস ছিল ১৪ আগস্ট। দিনটি উপলক্ষে দেশের ক্রিকেটাঙ্গনের সব সাফল্য নিয়ে একটি ভিডিও বানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে এ ভিডিও থেকে বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন ইমরান খানকে বাদ দেয়ায় চটেছেন পাকিস্তানি ক্রিকেট ভক্তরা।
ভিডিওটির সমালোচনা করে ভক্তরা বলেছেন, শাসক জোটের ‘রাজনৈতিক এজেন্ডা’ মেনে চলতেই ১৯৯২ বিশ্বকাপ জয়ের ভিডিও ক্লিপ থেকে ইমরান খানকে সরিয়ে দিয়েছে বোর্ড।
পার্লামেন্টে অনাস্থা ভোটের পর গত বছরের এপ্রিলে ইমরান খানকে প্রধানমন্ত্রী পদ থেকে অপসারণ করা হয়। তারপর থেকে তার রাজনৈতিক ক্যারিয়ারে ব্যাপক উত্থান-পতন ঘটেছে। সম্প্রতি তাকে পাঁচ বছরের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়।
গত কয়েক মাসে, ইমরানের নাম উল্লেখ করা বা তার ছবি দেখানোর ওপর অলিখিত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাকিস্তানের মিডিয়া রেগুলেটরি অথরিটিও তার বক্তৃতা এবং প্রেস কনফারেন্স সম্প্রচার করা নিষিদ্ধ করেছে।
২০ বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা ইমরান খান ১৯৯২ সালে বিশ্বকাপ শিরোপা জয়ের পর অবসর গ্রহণ করেন। তাকে ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে গণ্য করা হয়।
পাকিস্তানের সাবেক নারী অধিনায়ক উরোজ মুমতাজ খান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে বলেন, ‘পাকিস্তানের ক্রিকেটের স্মৃতিচারণায় বিশ্বকাপ জয়ের ১১টি ছবি রয়েছে, কিন্তু সেখানে দেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়ের নাম একবারও নেয়া হয়নি!’
পাকিস্তানের ক্রিকেট ইতিহাসবিদ এবং সাংবাদিক ওসমান সামিউদ্দিন বলেছেন, ‘সর্বশ্রেষ্ঠ পাকিস্তানি ক্রিকেটার’ ছাড়া এমন একটি ভিডিও তৈরি করতে অবশ্যই ‘কিছু প্রচেষ্টা’ করা হয়েছে।
ব্রিটিশ সম্প্রচারক এবং লেখক পিটার ওবোর্ন পাকিস্তান ক্রিকেটের ইতিহাস থেকে খানকে ‘এয়ারব্রাশ’ করার প্রচেষ্টাকে ‘স্টালিনবাদী’ বলে অভিহিত করেছেন।
ইমরান খান আন্তর্জাতিক ক্রিকেটে বেশ কয়েকটি রেকর্ডের অধিকারী এবং তাকে নিরপেক্ষ আম্পায়ার প্রবর্তনের কৃতিত্ব দেয়া হয়।
আরও পড়ুন: ইউক্রেনের ভলিনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত
পিসিবি যদিও একটি স্বাধীন ক্রীড়া সংস্থা, এটি প্রায়শই দেশটির রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে পরিচালিত হয়ে আসছে। সংস্থার চেয়ারম্যানসহ শীর্ষ পদগুলোতে নিয়োগ প্রধানমন্ত্রীই করে থাকেন।
জেলে বন্দী এবং রাজনীতি থেকে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও, ইমরান খান এখনও একজন অত্যন্ত জনপ্রিয় নেতা এবং দেশে ও বিদেশে তরুণ পাকিস্তানিদের কাছ থেকে তিনি ব্যাপক সমর্থন পান।
একাত্তর/এসজে