চুমু খেয়ে নিষিদ্ধ হলেন স্প্যানিশ ফুটবলের কর্তা

ফিফা নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়নের স্বীকৃতি পেয়েছে স্পেন। শিরোপা নিশ্চিতের পর খেলোয়াড় জেনি হারমোসোর ঠোঁটে চুমু দিয়ে আলোচনার ঝড় বয়ে যায় দেশটির ফুটবল ফেডারেশনের প্রধান লুইস রুবিয়ালেসকে নিয়ে।

এবার বিশ্ব ফুটবল সংস্থা ফিফা রুবিয়ালেসকে ৯০ দিনের জন্য সাময়িকভাবে নিষিদ্ধ করেছে। শনিবার এক বিবৃতি এ তথ্য জানায় ফিফা।

ফিফা জানায়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সব ফুটবল সংশ্লিষ্ট কার্যক্রম থেকে লুইস রুবিয়ালেসকে প্রাথমিকভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ে রুবিয়ালেস হারমোসো ও তার কাছের কারও সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে পারবেন না। 

রোববার (২০ আগস্ট) বিশ্বকাপ ফাইনালের পরই চুমু-বিতর্ক ঘটে। সোমবার ওই ঘটনার জন্য ফিফার কাছে ক্ষমা চেয়ে নেন রুবিয়ালেস। কিন্তু তা গ্রহণ করেনি ফিফা। বৃহস্পতিবার রুবিয়ালেসের বিরুদ্ধে তদন্ত শুরু করে ফিফা। আজ রায় এলো।

ফিফার নিষেধাজ্ঞা আরোপের আগে শনিবার স্পেনের নারী ফুটবল দল আর খেলতে নামবে না বলে বিদ্রোহ ঘোষণা করে। নারী ফুটবলারদের সংস্থা ফুটপ্রোর একটি বিবৃতি অনুযায়ী, রুবিয়ালেসকে না সরালে হারমোসো ও নারী দলের ৮০ জন ফুটবলার জাতীয় দলের হয়ে খেলবে না। তাদের দাবি, রুবিয়ালেসকে সরাতে হবে।