প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন তামিম ইকবাল। নির্বাচনের ডামাডোল আর ব্যস্ততার মাঝেও সাবেক ওডিআই অধিনায়ককে সময় দিয়েছেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে নিজেই সেটা জানিয়েছেন ড্যাশিং এই ওপেনার। এসময় তামিমের সাথে ছিলেন তার স্ত্রীও।
আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে নমিনেশন নেয়ার জন্য প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন তামিম, সামাজিক মাধ্যমে এমন কানাঘুষা চললেও জানা গেছে, এদিন প্রধানমন্ত্রী এবং তামিমের মধ্যে রাজনীতি নিয়ে কোনো কথা হয়নি।
তামিমের ইনজুরির খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী। তামিম কবে মাঠে ফিরতে পারেন সে বিষয়েও জানতে চেয়েছেন তিনি। এসময় তামিমের সহধর্মিণীর সাথেও গল্প করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে চলতি বছরের জুলাইয়ে হুট করেই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তামিম ইকবাল। পরে প্রধানমন্ত্রীর অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন এ ওপেনার। অবসর ভেঙে দলে ফিরলেও বিশ্বকাপের আগে অপ্রত্যাশিতভাবে দল থেকে বাদ পড়েন তিনি। ফিট না থাকার কারণে খেলেননি জাতীয় ক্রিকেট লিগেও। নিউজিল্যান্ড সিরিজের টেস্ট দল থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম।