ইউরো কোপার পর্দা নামার সাথে সাথেই শুরু হয়েছে ব্যালো দ্য অর নিয়ে নতুন হিসেবনিকেশ। এই তালিকায় সবার উপরে আছে লিওনেল মেসির নাম। কোপার দারুণ নৈপুন্যই তাকে নিয়ে গেছে হিসেবের শীর্ষে। এরপর শীর্ষ তিনে আছেন লেওয়ানদভস্কি আর জর্জিনহো।
আকাশের হাতেই চলে গেছে চাঁদ, জিতে গেছে ফুটবল, জিতে গেছেন লিওনেল মেসি; এবারের কোপার আসরও গুটিয়েছে বারাত মেখে আকাশি-সাদা হাসি।
ইউরোর পর্দাও নেমে গেছে, নীল হয়েছে দুনিয়ার সব সুখপাখি; গোটা বিশ্বকে ফের চার বছরের অপেক্ষায় রেখে ইতালি ভাগিয়ে নিয়েছে ইউরোপ সেরার ট্রফি।
কোপার দৌড় থেমেছে, ইউরোর চোখে ঘুম নেমেছে, তবে হিসেব থামেনি; অপেক্ষার চোখেও রাত নামেনি। কার হাতে উঠছে এবারের ব্যালো দ্য অর, সেই সমীকরণ মেলানোয় ব্যস্ত সবাই।
ফুটবলটাই যার কাছে ঋণী সেই লিওকেই রাখছে হিসেবের খতিয়ান, লা লিগায় খানিকটা আলোহীন থাকা মেসি এবারের কোপায় পুষিয়ে দিয়েছেন, বার্সেলোনা রঙ হারানোর ক্ষণেই আর্জেন্টিনাকে রাঙিয়েছেন।
নিজের আজন্ম আরাধ্য শিরোপা খরা মেটানো মেসি এবারের কোপায় ছিলেন দারুণ উজ্জ্বল, চার গোলের সাথে চারটা অ্যাসিস্টে আসর সেরা হয়েছেন, গোল্ডেন বল আর বুট দুটোই বাগিয়েছেন। এই দৌড়টাই তাকে ব্যালো দ্য অরেও এগিয়ে দিয়েছে বেশ।
নানা বিচারে গেলোবারের ব্যালো দ্য'অর বিজয়ী লেওয়ানদভস্কিই হতে পারেন মেসির বড় প্রতিদ্বন্দ্বী, বুন্ডেসলিগায় ৪১ গোল এই পোলিশ স্ট্রাইকার ক্লাবের লিগ শিরোপার সাথে, ক্লাব বিশ্বকপটাও জিতেছেন এবার।
ইউরোতে দারুণ পারফর্ম করে তালিকায় নাম লিখিয়েছেন ইতালির জর্জিনহো, চেলসির হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ আর দেশের হয়ে উইরো চ্যাম্পিয়নশিপ। সবমিলিয়ে তারও এ বছরটা দারুণ যাচ্ছে।
মার্কার আর গোল ডটকমের হিসেবে ওপরের তিন জনই আছেন ব্যালো দ্য অর রেসের প্রথম তিনে, এরপর কেউ বলেছেন কন্তের নাম; কেউ টেনেছে কেলেনিকে; হ্যারি কেইনের কথাও বলেছে কেউ কেউ, তবে রোনালদো নেইমাররা, এমবাপ্পেরা হিসেবের খাতা থেকে অনেকটাই পিছিয়ে গেছে।
একাত্তর/এসজে