রোনালদোর রেকর্ড গড়া দিনে জয় পর্তুগালের

উয়েফা নেশনস লিগের ম্যাচে আরেকটি গোলের দেখা পেলেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে শীর্ষ পর্যায়ের ফুটবলে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন ‘সিআর সেভেন’। 

রোনালদোর দুর্দান্ত পারফরম্যান্সে উয়েফা নেশনস লিগে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। 

আল নাসরের হয়ে সৌদি প্রো লিগের ম্যাচেই ৮৯৯ গোলে পৌঁছে গিয়েছিলেন রোনালদো। বৃহস্পতিবার রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথমার্ধে গোল করে কাঙ্ক্ষিত মাইলফলক ছুঁয়ে ফেলেন ৩৯ বছর বয়সী এই তারকা। 

লিসবনে নিজেদের ঘরের মাঠে পর্তুগালের হয়ে প্রথম গোলটি করেন দিয়াগো দালোত। ম্যাচের সপ্তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজের পাসে দ্রুতগতির শট নেন দালোত। বল জড়ায় ক্রোয়েশিয়ার জালে। এরপর ৩৪ মিনিটে নুনো মেন্ডিসের ক্রস থেকে দ্বিতীয় গোলটি করেন রোনালদো। 

প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর একাধিকবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ক্রোয়েশিয়া। ম্যাচের ৪১ মিনিটে দালোতের আত্মঘাতী গোলে ব্যবধান ২-১ এ দাঁড়ালেও শেষ অবধি হার ঠেকাতে পারেননি লুকা মডরিচরা। 

দ্বিতীয়ার্ধে কোনো গোল না হওয়ায় পূর্ণ ৩ পয়েন্ট পেয়ে যায় স্বাগতিক পর্তুগাল। 

ম্যাচের পর রোনালদো বলেন, ৯০০ গোল অন্য যেকোনো মাইলফলকের মতো মনে হয়। কিন্তু শুধুমাত্র আমি জানি, এই ৯০০ গোল করতে প্রতিদিন আমাকে কতটা কঠিন পরিশ্রম করতে হয়েছে। এটা আমার ক্যারিয়ারের একটি অনন্য মাইলফলক। আমি খুবই গর্বিত। আমার বয়স সাড়ে ৩৯ বছর। এই কারণেই যখন এই রেকর্ডগুলো হয়, আমি খুব আবেগপ্রবণ হয়ে যাই।

নেশনস লিগের গ্রুপ এ-তে দিনের অন্য খেলায় স্কটল্যান্ডকে ৩-২ গোল হারায় পোল্যান্ড।